30 C
Kolkata
Sunday, September 6, 2026
spot_img

ব্যারাকপুর থেকে এবার এক বাসেই পুরী-বেনারস ! পরিবহন মন্ত্রীর বড় ঘোষণা

Aaj lndia Desk, কলকাতা: ব্যারাকপুরের পরিবহন ব্যবস্থায় এবার নতুন সংযোজনের সম্ভাবনা। শহর থেকে দেশের একাধিক গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং হাসপাতালমুখী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন বাস রুট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে পুরী, বেনারস, মথুরা ও বৃন্দাবনের মতো জায়গায় সরাসরি বাস পরিষেবা শুরু হতে পারে। একইসঙ্গে চিকিৎসার প্রয়োজনে ব্যারাকপুর ও আশপাশের এলাকার মানুষ যাতে সহজে বিভিন্ন হাসপাতালে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেও বিশেষ রুট তৈরির পরিকল্পনা রয়েছে।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানান, ব্যারাকপুরে বাস রাখার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। তাই এই এলাকাকে কেন্দ্র করে দূরপাল্লার পরিষেবা বাড়ানোর সুযোগ রয়েছে। পুরী ও বেনারসের পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গেও সরাসরি যোগাযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে ইতিমধ্যেই পরিবহন সংক্রান্ত সমঝোতা হয়েছে বলে দাবি করেন তিনি। পুরীর ক্ষেত্রেও দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন মন্ত্রী।

চিকিৎসার ক্ষেত্রে যাতায়াত আরও সহজ করতে ব্যারাকপুর থেকে এইমস পর্যন্ত বাস চালুর পরিকল্পনার কথাও সামনে এসেছে। নৈহাটি থেকেও এইমসের উদ্দেশে পরিষেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বিভিন্ন হাসপাতালের কাছে চলাচলকারী বাসগুলির রুট এমনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হতে পারে, যাতে রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের হাসপাতালে পৌঁছতে অতিরিক্ত সমস্যার মুখে না পড়তে হয়।

এদিন নাট্যকার চন্দন সেন-সহ ব্যারাকপুরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের তরফে মূলত দুটি প্রস্তাব দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের তীর্থভ্রমণের ক্ষেত্রে বাসের টিকিটে ৫০ শতাংশ ছাড় এবং ব্যারাকপুর থেকে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিতে সরাসরি বাস চালুর দাবি জানানো হয়। উত্তরবঙ্গের সঙ্গেও বাস যোগাযোগ তৈরির প্রস্তাব রাখা হয়।

প্রবীণদের ভাড়ায় ছাড়ের বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর একার নেই। বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের উপর নির্ভরশীল। তবে প্রবীণ নাগরিকদের দাবিটি তিনি ক্যাবিনেটের সামনে তুলে ধরবেন বলে জানান। সব মিলিয়ে, পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে ব্যারাকপুর থেকে তীর্থযাত্রা এবং চিকিৎসার জন্য দূরপাল্লার যাতায়াত অনেকটাই সহজ হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন