Aaj India Desk, নয়াদিল্লি: শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষে আয়োজিত হতে চলেছে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬’(National Teachers Award 2026)-এর অনুষ্ঠান। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর দেশের মোট ৮২ জন শিক্ষককে এই পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি (Pralhad Joshi) ইতিমধ্যেই পুরস্কারপ্রাপকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। এই তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের দুই শিক্ষকও (West Bengal Two Teachers) । তাঁরা হলেন রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলের শিক্ষক পলাশ চৌধুরি এবং নয়াগ্রাম ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলের শিক্ষক শান্তনু পাত্র।
পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শিক্ষকরা এ বছর জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন। তালিকায় রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, চণ্ডীগড়, ছত্তীসগঢ়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরালা, লাদাখ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং দাদরা ও নগর হাভেলি ও দমন ও দিউ।
শিক্ষা মন্ত্রকের মতে, শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়। একজন শিক্ষক শুধু পড়াশোনা করান না, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সেই কাজকে সম্মান জানানোই এই পুরস্কারের অন্যতম উদ্দেশ্য।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষক কীভাবে স্কুল ও শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন, তা তুলে ধরে ছোট ছোট তথ্যচিত্রও দেখানো হবে। এর মাধ্যমে পুরস্কারপ্রাপকদের কাজ ও তাঁদের বিশেষ অবদান সম্পর্কে জানা যাবে। জানা গিয়েছে, মোট তিনটি ধাপে এই ৮২ জন শিক্ষককে বেছে নেওয়া হয়েছে। প্রথমে জেলা স্তরে, এরপর রাজ্য স্তরে এবং শেষে জাতীয় স্তরে তাঁদের কাজ ও যোগ্যতা যাচাই করা হয়। স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতরের তত্ত্বাবধানেই পুরো বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


