Aaj India Desk, নয়া দিল্লি: নেপালের ভয়াবহ বন্যা ও হড়পা বানের মধ্যে উদ্ধার করা হল পাঁচ বছরের শিশুসহ আরও তিন ভারতীয় নাগরিককে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ত্রিশুলি বাজার এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত নেপাল থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯। তবে ২৭৫ জন ভারতীয় এখনও নিখোঁজ বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। (Indian Nationals Rescued)
উদ্ধার তিনজন কারা?
উদ্ধার হওয়া তিন ভারতীয় হলেন অভিজিৎ সুরেশ পাওয়ার, দীপিকা অভিজিৎ পাওয়ার এবং তাঁদের পাঁচ বছরের সন্তান সমর্থ অভিজিৎ পাওয়ার। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস তাঁদের দেশে ফেরানোর জন্য বিমানযাত্রার ব্যবস্থা করছে বলে জানিয়েছেন জয়সওয়াল। নেপালে বন্যা পরিস্থিতির পাশাপাশি চিন সীমান্ত দিয়েও ভারতীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিন থেকে নেপালে নিরাপদে পৌঁছেছেন ১,৯০৭ জন ভারতীয়।(Indian Nationals Rescued)
এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, নেপালে এখনও ২৭৫ জন ভারতীয় নাগরিকের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁদের খোঁজে নেপাল সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উদ্ধারকাজে নেপালের কর্তৃপক্ষের প্রচেষ্টারও প্রশংসা করেছে ভারত। চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে কোনও ভারতীয় পর্যটক বা যাত্রী আটকে নেই বলেও সরকারি সূত্রের ভিত্তিতে জানিয়েছেন জয়সওয়াল। (Indian Nationals Rescued)
উল্লেখ্য, নেপালের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আরও দেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ১,২৯৫। নেপালের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৫,০০০ জন নিখোঁজ। অন্যদিকে উদ্ধারকারী দলগুলি এখনও পর্যন্ত ১২,০০০-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে এনেছে। নেপালে ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তা অব্যাহত রেখেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২৬ আগস্ট বন্যা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সাতটি বিমানে প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য ৫৪ জন কর্মী নেপালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৩০ জন টানেল উদ্ধার বিশেষজ্ঞ, ১৯ জন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং পাঁচ সদস্যের একটি মেডিক্যাল দল।


