29 C
Kolkata
Friday, September 4, 2026
spot_img

স্বস্তির খবর রেলযাত্রীদের! আগামীকাল থেকেই স্বাভাবিক হবে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল, জানাল পূর্ব রেল

Aaj India Desk, মুর্শিদাবাদ: তিলডাঙ্গা ও নতুন ফরাক্কার (Farakka) মাঝের রেলপথে ধস ও ভাঙনের কারণে গত কয়েক দিন ধরে ব্যাহত হচ্ছে উত্তরবঙ্গগামী (North Bengal) ট্রেন চলাচল। তবে যাত্রীদের জন্য এবার কিছুটা স্বস্তির খবর। পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার রাতের মধ্যেই কাজ শেষ করে শনিবার সকাল থেকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

পরিস্থিতি সরেজমিনে দেখতে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। তাঁর সঙ্গে ছিলেন প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার বিক্রম গুপ্তা-সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ার। তাঁরা ক্ষতিগ্রস্ত রেলপথ ঘুরে দেখেন এবং মেরামতির কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখেন। যাত্রীদের নিরাপত্তা বজায় রেখে যত দ্রুত সম্ভব রেল যোগাযোগ স্বাভাবিক করার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে মালদা ডিভিশনের আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং কর্মীরা লাগাতার কাজ করছেন। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই দ্রুত পরিষেবা ফেরানোর চেষ্টা চলছে। তাঁর কথায়, জেনারেল ম্যানেজারের সরাসরি নজরদারিতে মেরামতির কাজ চলছে এবং কর্মীরা দিন-রাত এক করে কাজ করছেন।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই একাধিক উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করা হয়েছে। শুক্রবার সকালেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি। এর জেরে নিত্যযাত্রীদের পাশাপাশি উত্তরবঙ্গের উদ্দেশে যাওয়া পর্যটকরাও সমস্যায় পড়েন।

শুক্রবার সকালে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসও বাতিল করতে হয়। তবে রেলের দাবি, ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত মেরামতির কাজ চলছে। শুক্রবার রাতের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শনিবার সকাল থেকেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক ছন্দে ফিরবে। রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই পুরো প্রক্রিয়ায় যাত্রী নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সাময়িক সমস্যার মধ্যে যাত্রীরা যে ধৈর্য ও সহযোগিতা দেখিয়েছেন, তার জন্যও রেলের তরফে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন