Aaj India Desk, কলকাতা : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক মহিলার অভিযোগ ও সেই সংক্রান্ত মামলার বিষয় ফের ‘যথাযথভাবে’ খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করলেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) । তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থেকে রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে এই নির্দেশ পাঠানো হয়েছে। চিঠির একটি কপি তাঁর কাছেও এসেছে বলে জানিয়েছেন তিনি।
চিঠিতে কী দাবি জানিয়েছিলেন কুনাল ?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার অভিযোগ-সহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। চিঠিতে কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী, মূলত তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ ও মামলাটি ফের খতিয়ে দেখার দাবি জানিয়েছিলেন। চিঠিতে বর্ণিত মূল দাবিগুলি ছিল-
- পুরনো মামলাটি ‘রি-ওপেন’ করে ফের তদন্ত করার দাবি
- ওই মহিলার পরবর্তী পরিস্থিতি এবং মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ খতিয়ে দেখার দাবি
- রাজ্য প্রশাসন যাতে যথাযথ তদন্ত করে, সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ
দ্রুত পদক্ষেপ অমিত শাহের
কুনাল ঘোষের সেই চিঠি পেয়েই বিষয়টি দ্রুত বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কুণাল জানিয়েছেন, বিশেষ সূত্রে আগে থেকেই তিনি চিঠি আসার খবর পেয়েছিলেন। জন্মাষ্টমীর দিন সেই চিঠি হাতে আসে বলেও জানিয়েছেন তিনি। এরপর যথাযথ সময়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন কুনাল ঘোষ।
পাশাপাশি কুণাল ঘোষ (Kunal Ghosh) অভিযোগ করেছেন, কোনও আধিকারিক যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আড়াল করার চেষ্টা করেন, তাহলে তিনি ‘যথাযথ পদক্ষেপ’ নেবেন। তাঁর বক্তব্য, “যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এমন ধারণা তৈরি হওয়া প্রশাসনের পক্ষে ভালো নয়।”
এই চিঠিকে কেন্দ্র করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা পেল। এবার কুণালের এই অভিযোগগুলি এবং পুরনো মামলার নথি ফের খতিয়ে দেখা হবে কি না, কিংবা এ বিষয়ে প্রশাসনের তরফে কোনও তদন্তমূলক পদক্ষেপ নেওয়া হয় কি না সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


