Aaj India Desk, কলকাতা: নতুন লোগো, নতুন স্লোগান এবং নতুন ব্র্যান্ডিং নিয়ে পর্যটনকে সামনে রেখে বড় পরিকল্পনার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাজ্য পর্যটন দফতরের নতুন লোগো প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে লোগো ও ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে’ স্লোগানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষও। (West Bengal Tourism)
কী কী ঘোষণা করলেন শুভেন্দু?
পর্যটন পরিকাঠামো উন্নয়নে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। তাঁর কথায়, “সুন্দরবন থেকে দার্জিলিং সমস্ত সরকারি ট্যুরিস্ট গেস্ট হাউসগুলিকে আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে।” পাশাপাশি কলকাতাকে জলপথ-ভিত্তিক পর্যটনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ‘ওয়াটার মেট্রো’ প্রকল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা জানানো হয়েছে। গঙ্গায় আধুনিক নৌকা চালানোর পাশাপাশি নদী পর্যটনেও জোর দেওয়া হবে। মন্দারমণি সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সুন্দরবনে ২০ লক্ষ ম্যানগ্রোভ চারা রোপণ করে ‘ডেস্টিনেশন সুন্দরবন’ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি, ২ অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ ছাড়ার ঘোষণাও করা হয়েছে। (West Bengal Tourism)
কেন পর্যটন শিল্পে এই পরিবর্তন?
সরকারের দাবি, নতুন লোগো ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের পর্যটনকে নতুন পরিচয়ে তুলে ধরা হবে। ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ নীতিতে প্রতিটি জেলায় অন্তত একটি উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দার্জিলিংকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র করার পাশাপাশি সুন্দরবন বা মন্দারমনিকে আরও বড় আন্তর্জাতিক গন্তব্য হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয়, ঐতিহ্য ও প্রকৃতিনির্ভর পর্যটনের জন্য প্রায় ৬১৫ কোটি টাকার বিভিন্ন সার্কিটের প্রস্তাবও রয়েছে। (West Bengal Tourism)
অন্যদিকে বাংলার সংস্কৃতিকে পর্যটনের সঙ্গে যুক্ত করতে ১২টি বিশেষ দিনে দফতরের কর্মীদের ঐতিহ্যবাহী পোশাকে অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ‘ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ’কে আরও শক্তিশালী করে দেশ-বিদেশের পর্যটকদের কাছে বাংলাকে নতুনভাবে তুলে ধরাই সরকারের লক্ষ্য।


