Aaj India Desk, নয়াদিল্লি: নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর জন্য এবার আনুষ্ঠানিকভাবে খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত আইনের কাঠামো এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে দিল্লির চাণক্যপুরীতে বঙ্গভবনে বৈঠকে বসেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ UCC কমিটি।
সুপ্রিম কোর্টের (Supreme Court) অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে। সেখানে রাজ্যের স্বরাষ্ট্র দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। বৈঠকে মূলত বাংলায় UCC কীভাবে কার্যকর করা হবে, তার সম্ভাব্য কাঠামো এবং আইনের খসড়া নিয়ে আলোচনা হচ্ছে।
প্রশাসনিক সূত্রের খবর, বিশেষ কমিটি যে রিপোর্ট জমা দেবে, তার ভিত্তিতেই পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় UCC বিল পেশ করা হবে। খসড়া তৈরির সময় উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে UCC নিয়ে যে মডেল অনুসরণ করা হয়েছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখেই পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রস্তাবিত আইন কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং সম্পত্তি বণ্টনের মতো দেওয়ানি বিষয়ে ধর্মভেদে আলাদা নিয়মের পরিবর্তে অভিন্ন নিয়ম চালু হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধর্মের নাগরিকের জন্য একই দেওয়ানি আইন প্রযোজ্য করার পরিকল্পনা রয়েছে। তবে আদিবাসী ও অন্যান্য জনজাতি সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখার কথা ভাবা হয়েছে। চূড়ান্ত খসড়া তৈরির আগে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মতামতও নেওয়া হবে। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ অন্তত ন’টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে কমিটির।
রাজ্য সরকারের গঠিত এই বিশেষ কমিটিতে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, রেসিডেন্ট কমিশনার দ্যুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান ডঃ রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য গোপালচাঁদ মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক এবং বেঙ্গল সম্ভাগের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য।
দিল্লিতে কমিটির প্রথম বৈঠকেই পরবর্তী কাজের রূপরেখা তৈরি করা হচ্ছে। কোন কোন বিষয়ে মতামত নেওয়া হবে, খসড়া তৈরির কাজ কীভাবে এগোবে এবং ভবিষ্যতে বিধানসভায় বিল পেশের প্রস্তুতি কীভাবে নেওয়া হবে—তা নিয়েও আলোচনা হচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল বাংলায় UCC চালু করা। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই পরিকল্পনায় সম্মতি জানান। তিনি জানিয়েছিলেন, জনজাতি সমাজকে বাদ রেখে রাজ্যের অন্যান্য সম্প্রদায়ের জন্য অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা হবে। সেই ঘোষণার পর এবার বাস্তবে খসড়া তৈরির কাজ শুরু করল রাজ্য সরকার।


