কলকাতা: ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ ঘিরে আইনি টানাপোড়েনে এবার নতুন মোড়! সেবাশ্রয়ের (Sebashray) জন্য তৈরি দু’টি নির্মাণ সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে করা জনস্বার্থ মামলায় বুধবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।
মামলাটি করেছেন ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান। তাঁর অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশে থাকা খেলার মাঠ ও উদ্যানের জায়গা দখল করে ‘সেবাশ্রয়’ (Sebashray)-এর জন্য নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেবাশ্রয়ের কাজ বন্ধ থাকলেও ওই নির্মাণগুলি এখনও রয়েছে বলে দাবি মামলাকারীর। তাঁর আবেদন, বেআইনি নির্মাণগুলি অবিলম্বে ভেঙে ফেলা হোক।
মামলাকারীর আরও অভিযোগ, এই নির্মাণের কারণে স্থানীয় বাসিন্দারাও সমস্যায় পড়ছেন। যে মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট-ফুটবল প্রতিযোগিতা এবং বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠান হত, সেখানে এখন সেই কার্যকলাপ ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁর।
উল্লেখ্য, গত বছর নিজের লোকসভা এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য ‘সেবাশ্রয়’ (Sebashray) চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা ভোটের আগে পরিষেবা পরিচালনার জন্য তৈরি হয়েছিল কয়েকটি অস্থায়ী কাঠামো। মামলাকারীর দাবি, অভিষেকের লোকসভা এলাকার মধ্যে ফলতার সেবাশ্রয়ই ছিল সবচেয়ে বড় এবং সেখানে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছিল বলে স্থানীয়ভাবে দাবি করা হয়।
এখন প্রশ্ন একটাই, সেবাশ্রয়ের (Sebashray) কাজ বন্ধ হয়ে যাওয়ার পরও নির্মাণগুলি কি থাকবে, নাকি আদালতের পর্যবেক্ষণের জেরে সেগুলি সরানোর প্রক্রিয়া শুরু হবে? মামলার পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে আগামী সপ্তাহের শুনানির দিকে তাকিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে নজর।


