Aaj India Desk, কলকাতা : নেশার বিরুদ্ধে প্রতীকী বার্তা দিতে এবার রাস্তায় নামল রোলার! বুধবার দক্ষিণ দিনাজপুরে গত চার মাসে উদ্ধার হওয়া প্রায় ২ লক্ষ ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে ধ্বংস করা হল। বালুরঘাটে আয়োজিত এই মাদকবিরোধী কর্মসূচিতে নিজেই রোলার চালিয়ে ফেনসিডিল ধ্বংসের প্রতীকী সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। (Balurghat Anti Drug Campaign)
এই কর্মসূচিতে কেন্দ্রের ‘নেশামুক্ত ভারত’ অভিযানের প্রসঙ্গ তুলে মাদকবিরোধী লড়াইকে আরও জোরদার করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শুভেন্দু আরও জানান, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত চার মাসে দক্ষিণ দিনাজপুরে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সেই ২ লক্ষ ফেনসিডিলের বোতলই বুধবারের কর্মসূচিতে ধ্বংস করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে পুলিশ ও বিএসএফের মধ্যে সমন্বয়ের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এর আগে দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ সীমান্তে দুই বাহিনীর মধ্যে যথাযথ সমন্বয় ছিল না। বিএসএফকে ‘শত্রু’ হিসেবে দেখার মানসিকতার কারণেই এই সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি। নতুন সরকারের আমলে দুই বাহিনীর যৌথ অভিযানেই মাদক উদ্ধারে সাফল্য এসেছে বলে জানান শুভেন্দু। (Balurghat Anti Drug Campaign)
এইদিন মাদক কারবারে যুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নেশার ব্যবসার সঙ্গে যুক্তদের দীর্ঘদিন জেলে থাকতে হবে।
উল্লেখ্য, এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও উদ্ধার হওয়া বেআইনি মদের বোতল রোলার চালিয়ে ধ্বংস করতে দেখা গিয়েছিল। এবার সেই একই ধরনের চিত্র দেখা গেলো বাংলায়। মাদক ধ্বংস করে এই প্রতীকী কর্মসূচির (Balurghat Anti Drug Campaign) মাধ্যমে বাংলাতেও মাদকবিরোধী বার্তা দেওয়া হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু তা কতদূর সফল হয় সেটাই এখন দেখার।


