Aaj India Desk, কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে গোলমালের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একাধিক নেতার নাম সামনে আসছে। মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দ্বিতীয় নোটিসের ভিত্তিতে থানায় হাজির হলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। একই ঘটনায় অভিষেকের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। দুপুর ১২টায় তাঁর হাজিরার সময় নির্ধারিত হয়েছে।
ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে গত বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করেই এই তদন্ত। কলকাতা পুরসভার কর্মীরা তৃণমূলের নাম-সহ একটি বিলবোর্ড সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরসভার দাবি, অনুমতি ছাড়াই বিলবোর্ডটি লাগানো হয়েছিল এবং সেটি বিপজ্জনক অবস্থায় ঝুলছিল।
পুরকর্মীরা পুলিশের সঙ্গে দফতরে ঢোকার পর বচসা শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ। ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি FIR দায়ের হয়েছে। সরকারি কাজে বাধা, পুরকর্মী ও পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং মহিলা পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের মতো অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।
এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) সহ একাধিক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় পুলিশ। ডেরেককে প্রথমে সোমবার থানায় হাজির হতে বলা হলেও তিনি নির্ধারিত দিনে হাজির হননি। আইনজীবীর মাধ্যমে পুলিশকে জানানো হয়, ওই দিন তাঁর পক্ষে থানায় যাওয়া সম্ভব নয়। এরপর দ্বিতীয় নোটিস পাঠানো হয় তাঁকে।
এবার তদন্তকারীদের নজরে সুমিত রায়। পাশাপাশি তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরকেও নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, একের পর এক তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে পুলিশ। অভিষেকের পর ডেরেক (Derek O’Brien), সুমিতের পর এবার এই তালিকায় আর কার কার নাম যোগ হয়, এখন সেদিকেই নজর।


