Aaj India Desk, কলকাতা: শাসক হোক বা বিরোধী—সবার জন্য তাঁর দরজা খোলা। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এমনই বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিভিন্ন প্রশাসনিক বৈঠকেও বিরোধীদের আমন্ত্রণ জানাতে দেখা গিয়েছে তাঁকে। এবার সেই বার্তারই আরও একটি নজির সামনে এল। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) আবেদনে সাড়া দিল মুখ্যমন্ত্রীর দফতর। তাঁর আবেদনের ভিত্তিতে এক অসুস্থ ব্যক্তির চিকিৎসার খরচে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত এনআরএস হাসপাতালে (NRS Hospital) চিকিৎসা নিয়ে অভিযোগকে কেন্দ্র করে। বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল পোড়েল গল ব্লাডারে পাথরের সমস্যায় ভুগছিলেন। অভিযোগ, গল ব্লাডারের পাথর অস্ত্রোপচার করার কথা থাকলেও এনআরএস হাসপাতালে তাঁর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়। অথচ তাঁর অ্যাপেনডিক্সে কোনও সমস্যা ছিল না বলেই অভিযোগ পরিবারের।
অপারেশনের পর গোপালের শারীরিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর উদ্যোগে গোপালকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শেষ পর্যন্ত গল ব্লাডারে থাকা পাথর বের করার জন্য অস্ত্রোপচার করা হয়।
গোপালের চিকিৎসার খরচ চালানো নিয়ে সমস্যার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান কুণাল। সোমবার তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠান। আর তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসে উত্তর। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে গোপালের চিকিৎসার জন্য অর্থসাহায্যের আশ্বাস দেওয়া হয়।
এর আগে রবিবার সোশ্যাল মিডিয়ায় এনআরএস হাসপাতালের চিকিৎসা নিয়ে অভিযোগের কথা তুলে ধরেছিলেন কুণাল। তিনি লিখেছিলেন—”NRS হাসপাতালে মারাত্মক অভিযোগ। গল ব্লাডারে স্টোন অপারেশনের বদলে অ্যাপেনডিক্স অপারেশন, যেখানে সমস্যা ছিল না। অভিযোগকারী রোগী গোপাল পোড়েল। বেলেঘাটা কেন্দ্র। ওয়ার্ড ৩৫। এখন শরীরে জটিল অবস্থা। নিজে দেখা করতে এসে জানালেন।”
কুণাল জানান, গোপাল পোড়েল একশো দিনের কাজ করেন। চিকিৎসার জন্য রবিবার তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন, অর্থাৎ সোমবার সকালে তাঁর গল ব্লাডারের পাথর বের করার অস্ত্রোপচার হয়। পরে হাসপাতালে গিয়ে গোপালের সঙ্গে দেখা করেন বেলেঘাটার বিধায়ক।
গোপালের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে সোমবার ফের সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান কুণাল। তিনি লেখেন— “মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য চেয়েছেন গোপাল। সঙ্গে একটি অনুরোধপত্র দিয়ে নবান্নে পাঠিয়েছি।”
একইসঙ্গে এনআরএস হাসপাতালের চিকিৎসা নিয়ে ওঠা অভিযোগের তদন্তের দাবিও জানান তিনি। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুণাল লেখেন— “মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ, এনআরএসের ঘটনা নিয়ে যে অভিযোগ, অবিলম্বে ঠিকঠাক তদন্তের নির্দেশ দিন। ভুল অপারেশন হয়ে থাকলে, কারা করল, চিহ্নিত করুন।”


