কলকাতা : সাংবাদিকদের (Journalist) জন্য বড় ঘোষণা! অবসর নিলেও এবার আর্থিক সহায়তা, কর্মরতদের পুজোর আগে ‘বোনাস’, সঙ্গে স্বাস্থ্যবিমার সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! একসঙ্গে একাধিক বড় সিদ্ধান্ত ঘিরে সাংবাদিক মহলে শুরু হয়েছে চর্চা। সবচেয়ে বড় বদল পেনশন ব্যবস্থায়। এতদিন যে সুবিধা নির্দিষ্ট অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবার তার পরিধি আরও বাড়ানোর ঘোষণা করা হয়েছে।
একসময় অবসরপ্রাপ্ত সাংবাদিকদের (Journalist) জন্য মাসিক পেনশন চালু হয়েছিল। এতদিন সেই পেনশনের পরিমাণ ছিল ২,৫০০ টাকা এবং মূলত অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকরাই এই সুবিধার আওতায় ছিলেন। কিন্তু এবার সেই নিয়মেই বড় পরিবর্তনের ঘোষণা।
অবসরে এবার মাসে ৫ হাজার টাকা!
নতুন ঘোষণায় অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশনের পরিমাণ বাড়িয়ে মাসে ৫,০০০ টাকা করার কথা জানানো হয়েছে। আর এখানেই সবচেয়ে বড় চমক! অ্যাক্রিডিটেশন কার্ড না থাকলেও এবার পেনশন পাওয়ার সুযোগ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, এতদিন যাঁরা বছরের পর বছর সংবাদমাধ্যমে কাজ করেও শুধুমাত্র অ্যাক্রিডিটেশন কার্ড না থাকার কারণে এই সরকারি পেনশন ব্যবস্থার বাইরে ছিলেন, তাঁদের জন্যও খুলে যাচ্ছে সুবিধার দরজা।
বিশেষ করে ডেস্ক সাংবাদিকদের ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ অ্যাক্রিডিটেশন কার্ড সাধারণত নির্দিষ্ট সরকারি মানদণ্ড ও সংবাদমাধ্যমের যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে দেওয়া হয়। ফলে মাঠে কাজ করা সাংবাদিকদের (Journalist) তুলনায় ডেস্কে দীর্ঘদিন কাজ করা অনেক সাংবাদিক এই সুবিধার বাইরে থেকে যেতেন। এবার সেই ব্যবধান ঘোচানোর উদ্যোগই সামনে এসেছে।
পুজোর আগে আরও এক সুখবর!
শুধু অবসরপ্রাপ্তদের জন্যই নয়, বর্তমানে কর্মরত সাংবাদিকদের (Journalist) জন্যও রয়েছে বড় ঘোষণা। প্রতিবছর পুজোর আগে অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকদের একটি নির্দিষ্ট অর্থ দেওয়া হত। এবার সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করার কথা জানানো হয়েছে। এবার এখানেও তুলে দেওয়া হচ্ছে অ্যাক্রিডিটেশন কার্ডের বাধ্যবাধকতা।
অর্থাৎ, রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তাঁরাও এই পুজোর ‘বোনাস’ পাওয়ার সুযোগ পাবেন। ফলে অবসরপ্রাপ্তদের জন্য পেনশন আর কর্মরতদের জন্য পুজোর আর্থিক সহায়তা, দুই ক্ষেত্রেই সুবিধার পরিধি বাড়ছে।
তৃতীয় চমক, স্বাস্থ্যবিমাও!
পেনশন ও পুজোর আর্থিক সহায়তার পর আরও একটি বড় ঘোষণা সামনে এসেছে। জানানো হয়েছে, রাজ্যের সব সাংবাদিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা পাবেন।অর্থাৎ এবার শুধু অবসরকালীন আর্থিক নিরাপত্তাই নয়, চিকিৎসা সংক্রান্ত সুবিধার ক্ষেত্রেও সাংবাদিকদের জন্য বড় পরিসরে সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে।
সাংবাদিকদের (Journalist) উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সমালোচনা ও গঠনমূলক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে।
শুভেন্দুর স্পষ্ট বার্তা, সরকারের সমালোচনা করুন, দলের সমালোচনা করুন, প্রয়োজনে সরাসরি দেখা করেও প্রশ্ন তুলুন। তবে দেশপ্রেম এবং সামাজিক সম্প্রীতির প্রশ্নে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে এমন কোনও ভাষা ব্যবহার না করার বার্তা দেওয়া হয়েছে, যাতে কোনও মানুষের ধর্মীয় বিশ্বাস বা আস্থায় আঘাত লাগে।
অর্থাৎ সাংবাদিকদের জন্য একদিকে আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সুবিধার ঘোষণা, অন্যদিকে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার বার্তা, দুই দিকই উঠে এসেছে এদিনের বক্তব্যে।
এই নতুন নিয়ম কার্যকর হলে ঠিক কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে এবং কবে থেকে পেনশন ও পুজোর টাকা পাওয়া যাবে? সেই বিস্তারিত নির্দেশিকার দিকেই এখন তাকিয়ে সাংবাদিক মহল।


