28 C
Kolkata
Monday, August 31, 2026
spot_img

পুজোর ছুটির ডেস্টিনেশন থেকে ‘আতঙ্কের দেশ’! বন্যার জেরে নেপাল ভ্রমণের বুকিং বাতিলের হিড়িক!

কাঠমান্ডু: হড়পা বানে মৃত্যুমিছিল দেখে হিমালয়ের দেশ থেকে মুখ ফেরাচ্ছেন ভ্রমণপ্রিয় বাঙালি! দুর্গাপুজোর ছুটি মানেই বহু বাঙালির স্বপ্নের গন্তব্য নেপাল (Nepal Tourism)। কাঠমান্ডু, পোখরা কিংবা হিমালয়ের কোলে কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা করে মাস কয়েক আগেই ট্রেন, হোটেল ও ট্যুর প্যাকেজ বুক করে ফেলেন অনেকে। কিন্তু এবারের পুজোর আগে সেই স্বপ্ন ভেসে যাচ্ছে নেপালের ভয়াবহ বন্যায় (Nepal Flash flood)। মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়ে যাওয়া এবং হাজার হাজার মানুষের নিখোঁজ থাকার খবরে আতঙ্কিত হয়ে একের পর এক নেপাল সফর বাতিল করছেন পশ্চিমবঙ্গের পর্যটকেরা।

৯০% পর্যটক আর নেপাল যেতে চাইছেন না

কলকাতার এক নামী ট্যুর অপারেটরের এক আধিকারিক জানান, বন্যার পর থেকেই পরিস্থিতি বদলে গিয়েছে। “প্রায় ৩৫–৪০ জন ইতিমধ্যেই নেপাল ট্যুর (Nepal Tourism) বাতিল করেছেন। যেহেতু ট্রেনের টিকিট আগে থেকেই কাটা ছিল, তাই ট্রেনভাড়া বাদ দিয়ে বাকি পুরো টাকাই আমরা ফেরত দিচ্ছি।” শুধু একটি সংস্থা নয়, শহরের একাধিক ভ্রমণ সংস্থার কাছেই একই ছবি ধরা পড়েছে।

আরও এক ট্যুর অপারেটরের কর্ণধার জানান, নেপালের জন্য বুকিং করা প্রায় ৯০ শতাংশ পর্যটক এখন আর সেখানে যেতে রাজি নন। অনেকেই ট্যুর বাতিল না করে একই বাজেটে অন্য কোনও পাহাড়ি গন্তব্যে নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। “আমরা আপাতত নেপাল ট্যুর (Nepal Tourism) পিছিয়ে দিয়েছি। বিকল্প গন্তব্য নিয়ে আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” অর্থাৎ, এবারের পুজোয় দার্জিলিং, সিকিম, ভুটান বা উত্তর-পূর্ব ভারতের অন্য গন্তব্যগুলির চাহিদা বাড়তে পারে বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

সোশ্যাল মিডিয়ার ভিডিও বাড়াচ্ছে আতঙ্ক

নেপালের বন্যার (Nepal Flash flood) ধ্বংসযজ্ঞের একের পর এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কাদা-মাখা গ্রাম, ভেসে যাওয়া সেতু, ধ্বংসস্তূপ থেকে নিথর দেহ উদ্ধার—এই দৃশ্যই পর্যটকদের সিদ্ধান্ত বদলে দিচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী ৯০৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনও প্রায় ৪,২৫০ জন নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধাক্কা শুধু পর্যটকে নয়, অর্থনীতিতেও

বলা বাহুল্য, দুর্গাপুজো নেপালের পর্যটন (Nepal Tourism) মরসুমের অন্যতম বড় সময়। এই সময়ে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার পর্যটক যান। হিমালয়ের কোলে ছোট্ট দেশটির অর্থনীতির সিংহভাগই নির্ভর করে পর্যটন শিল্পের উপর। জেন-জি আন্দোলনের পর নতুন করে সবে শিরদাঁড়া সোজা করছিল বালেন-শাহের সরকার। কিন্তু বন্যার জেরে ঋণের বোঝাও ফের নুইয়ে পড়তে চলেছে নেপাল। তার উপর ব্যাপক হারে পর্যটকদের বুকিং বাতিল হওয়ায় শুধু কলকাতার ট্যুর অপারেটর নয়, নেপালের হোটেল, গাড়ি, ট্রেকিং গাইড, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসায়ীদের ওপরও বড় আর্থিক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক ভ্রমণ সংস্থার কথায়, “পর্যটক নিরাপদ বোধ না করলে কোনও সুন্দর পাহাড়ও তাঁকে টানতে পারে না।” তাই আপাতত পুজোর ছুটিতে নেপাল নয়! নিরাপদ বিকল্প গন্তব্যই বেছে নিচ্ছেন অধিকাংশ বাঙালি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন