27 C
Kolkata
Monday, August 31, 2026
spot_img

শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট—৩১ মে-র আগে কী হবে?

কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় (SSC recruitment case) ফের বড় স্বস্তি ‘যোগ্য’ শিক্ষকদের। আপাতত বহাল থাকছে তাঁদের চাকরি। তবে স্বস্তির পাশাপাশি রাজ্য সরকারের জন্য কড়া সময়সীমাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট। ৩১ মে, ২০২৭-এর মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আর তার পর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার আর্জি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন (SSC)। একই বিষয়ে আবেদন করেছিলেন যোগ্য শিক্ষকরাও। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে রাজ্য ও এসএসসির আবেদন (SSC recruitment case) মঞ্জুর করে আদালত।

তবে স্বস্তির এই রায়ের সঙ্গেই এল বড় সতর্কবার্তা। আদালত জানিয়ে দিয়েছে, এটাই শেষ সুযোগ। নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ, ৩১ মে ২০২৭-এর পর আর সময় বাড়ানোর আবেদন গ্রহণ করা হবে না—এমনই কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত।

কীভাবে শুরু হয়েছিল এই নিয়োগ-জট?

তৃণমূল আমলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা বাংলা। কলকাতা হাই কোর্টে চলা সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।

এরপর পড়ুয়াদের কথা মাথায় রেখে ‘যোগ্য’ শিক্ষকদের জন্য সাময়িক স্বস্তির ব্যবস্থা করা হয়। তাঁদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল আদালত। একই সঙ্গে ওই সময়সীমার মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া (SSC recruitment case) শেষ করার নির্দেশও ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় ফের বাড়ে সময়সীমা। কাজ চালিয়ে যাওয়ার মেয়াদ বাড়িয়ে করা হয় ৩১ আগস্ট। পাশাপাশি শূন্যপদে নতুন করে নিয়োগের নির্দেশও দেওয়া হয়।

তারপর বদলে গেল রাজ্যের রাজনৈতিক ছবিও

এর মধ্যেই রাজ্যে ঘটে যায় রাজনৈতিক পালাবদল। কিন্তু নিয়োগ-জট কাটেনি। নির্ধারিত সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব না হওয়ায় ফের সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও এসএসসি (SSC recruitment case)।

সোমবার সেই আবেদনের শুনানিতেই এল বড় সিদ্ধান্ত। আদালত সময় বাড়ানোর অনুমতি দিলেও এবার চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়েছে।

‘শেষ সুযোগ’—এবার নজর ৩১ মে ২০২৭-এ

ফলে আপাতত ‘যোগ্য’ শিক্ষকদের মাথা থেকে কাটল চাকরি হারানোর আশঙ্কা। কিন্তু এই স্বস্তি কতটা স্থায়ী হবে, তার উত্তর নির্ভর করছে আগামী কয়েক মাসের নিয়োগ প্রক্রিয়ার উপর।

৩১ মে ২০২৭—এই তারিখটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যেই শেষ করতে হবে যাবতীয় নিয়োগ। তার পর আর সময় নয়, সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার পর রাজ্য ও এসএসসির সামনে এখন একটাই চ্যালেঞ্জ: নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করা নতুন নিয়োগ প্রক্রিয়া (SSC recruitment case)। অর্থাৎ, আপাতত চাকরি থাকছে ‘যোগ্য’ শিক্ষকদের। কিন্তু একই সঙ্গে শুরু হল নতুন কাউন্টডাউন! ৩১ মে ২০২৭-এর মধ্যে কি সত্যিই শেষ হবে দীর্ঘদিনের নিয়োগ জট?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন