Aaj India Desk, জয়পুর: রবিবার দেশজুড়ে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল নিট পিজি (NEET PG 2026) পরীক্ষা। তবে রাজস্থানের জয়পুরের (Jaipur) একটি পরীক্ষাকেন্দ্রে আচমকা বিদ্যুৎ(Electricity) চলে যাওয়ায় সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। কম্পিউটারে পরীক্ষা চলাকালীন এই বিভ্রাটের কারণে পরীক্ষা স্বাভাবিকভাবে চালানো সম্ভব হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখে জয়পুরের ওই কেন্দ্রের প্রায় ৩০০ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS)।
NBEMS জানিয়েছে, সীতাপুর এলাকার ‘iON Digital Zone Sitapura 2’ কেন্দ্রে যাঁদের পরীক্ষা ছিল, তাঁদের জন্য আগামী ৫ সেপ্টেম্বর ফের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে নতুন পরীক্ষার সময় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
এদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক শিফটেই দেশের বিভিন্ন কেন্দ্রে কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে NEET PG পরীক্ষা হয়। স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য আয়োজিত এই পরীক্ষায় এবার সারা দেশ থেকে ২.৭৩ লক্ষেরও বেশি মেডিক্যাল গ্র্যাজুয়েট অংশ নিয়েছেন। চেন্নাই, কাঞ্চিপুরম, আগ্রা, দিল্লি-সহ বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রগুলিতে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগ্রার এক পরীক্ষার্থী ছায়া বলেন, “পরীক্ষার আগে একটু নার্ভাস লাগছিল ঠিকই, কিন্তু আশা করছি পরীক্ষা ভালই হবে।”
এর আগে NEET UG নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। চলতি বছরের ৩ মে পেন অ্যান্ড পেপার মোডে NEET UG পরীক্ষা হওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে জাতীয় পরীক্ষা সংস্থা (NTA)। পরে ২১ জুন ফের NEET UG পরীক্ষা নেওয়া হয়।NEET UG নিয়ে তৈরি হওয়া সেই বিতর্কের পর এবার NEET PG পরীক্ষাতেও জয়পুরের একটি কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা সামনে এল। ফলে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের ফের পরীক্ষায় বসতে হবে আগামী ৫ সেপ্টেম্বর।


