30 C
Kolkata
Sunday, August 30, 2026
spot_img

‘প্রশাসনিক গড়িমসিতে দেরি’, অশোকনগরে তেল ওঠা শুরু হতেই তৃণমূলকে খোঁচা শমীকের

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: পশ্চিমবঙ্গের শিল্প ও খনিজ ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হল। দীর্ঘ প্রতীক্ষার পর উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar) বাইগাছি এলাকা থেকে বাণিজ্যিকভাবে কাঁচা তেল (Crude Oil) উত্তোলন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি (ONGC)। শুক্রবার সকালে বাইগাছির সংগ্রহ কেন্দ্র থেকে প্রথম বাণিজ্যিক চালান হলদিয়া তেল শোধনাগারের উদ্দেশে পাঠানো হয়।

প্রথম দিন প্রায় ১২০০ লিটার অপরিশোধিত তেল বিশেষ ট্যাঙ্কারে করে হলদিয়ায় পাঠানো হয়েছে। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, বাইগাছির নির্দিষ্ট একটি কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০ কিউবিক মিটার কাঁচা তেল তোলা সম্ভব হচ্ছে। মাটির গভীর থেকে ওঠা অপরিশোধিত তেলের সঙ্গে জলও থাকে। তাই তেলকে প্রথমে বিশেষ প্রযুক্তির সাহায্যে জল থেকে আলাদা করা হচ্ছে। সেপারেটর এবং ইটিপি ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর সেই তেল ট্যাঙ্কারে করে হলদিয়া রিফাইনারিতে পাঠানো হচ্ছে।

অশোকনগর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya l) সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তৃণমূল সরকারকে (TMC Government) নিশানা করেছেন। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা বরাবরই ছিল। সঠিক নীতি, দ্রুত সিদ্ধান্ত এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে রাজ্যে আরও শিল্প আসতে পারে।

শমীকের অভিযোগ, আগের তৃণমূল সরকারের সময়ে প্রয়োজনীয় অনুমোদন দিতে দেরি হওয়ায় অশোকনগরের প্রকল্পটি দীর্ঘদিন আটকে ছিল। তাঁর দাবি, এই দেরির ফলে রাজ্য বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও জানান, অশোকনগরের তৈলক্ষেত্র নিয়ে তিনি রাজ্যসভায় এবং কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে একাধিকবার বিষয়টি তুলেছিলেন।

তবে শুধু রাজনৈতিক বিতর্ক নয়, অশোকনগরের তেলক্ষেত্র নিয়ে নতুন করে আশার আলো দেখছে ওএনজিসি। এর আগে একটি কূপ থেকে তেল তোলা শুরু হলেও প্রযুক্তিগত সমস্যার কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। পরে সমস্যা মিটিয়ে আবার উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে আশপাশের এলাকায় নতুন করে অনুসন্ধান চালানো হচ্ছে।

ওএনজিসির ডিরেক্টর অব এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহার দাবি, সাম্প্রতিক সমীক্ষায় অশোকনগর এলাকায় আগের অনুমানের তুলনায় আরও বেশি তেলের মজুত থাকার সম্ভাবনা দেখা গিয়েছে। নতুন কূপে তোলার হারও যথেষ্ট আশাব্যঞ্জক। ফলে ভবিষ্যতে উৎপাদনের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশা করছে সংস্থা। এই সম্ভাবনাকে সামনে রেখে বাইগাছি এলাকায় আরও পাঁচ থেকে ছয়টি নতুন কূপ খননের প্রস্তুতি শুরু করেছে ওএনজিসি। নতুন কূপগুলিতে অনুসন্ধান ও নমুনা সংগ্রহের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

অশোকনগরে তেলের সন্ধান অবশ্য নতুন নয়। ২০১৮ সালে বাইগাছি এলাকায় প্রথম খনিজ তেলের সন্ধান মেলে। এরপর ২০২০ সালে পরীক্ষামূলকভাবে তেল তোলার সময় একটি কূপ থেকেই প্রায় ৩৭৫ ব্যারেল কাঁচা তেল পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, গুণগত মানের দিক থেকে অশোকনগরের এই তেল দেশের অন্যতম পরিচিত তেলক্ষেত্র ‘বম্বে হাই’-এর তেলের সঙ্গে তুলনীয়। ফলে অশোকনগর থেকে বাণিজ্যিকভাবে কাঁচা তেল পাঠানোর শুরু শুধু রাজ্যের খনিজ শিল্পের জন্যই নয়, ভবিষ্যতে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন