Aaj lndia Desk, কলকাতা: কলকাতার রাস্তাঘাট ও শহরাঞ্চলের পরিচ্ছন্নতা নিয়ে এবার নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় বলেই স্পষ্ট করেছেন তিনি। শনিবার বালিগঞ্জ থানার একটি রক্তদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে শহরের পরিচ্ছন্নতা, ডেঙ্গি নিয়ন্ত্রণ এবং প্লাস্টিক ব্যবহারের মতো বিষয় নিয়ে নিজের অবস্থান জানান মন্ত্রী।
অগ্নিমিত্রার বক্তব্য, শুধু সরকারি কর্মী বা পুরসভার উপর শহর পরিষ্কার রাখার দায়িত্ব চাপিয়ে দিলে সমস্যার সমাধান হবে না। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি এবং তার চারপাশের পরিবেশের দিকে নজর দিতে হবে। বিশেষ করে বর্ষাকালে কোথাও জল জমে থাকছে কি না, তা নিয়মিত দেখতে হবে। কারণ জমা জল মশার বংশবৃদ্ধির ক্ষেত্র তৈরি করে এবং সেখান থেকেই ডেঙ্গির ঝুঁকি বাড়তে পারে।
নাগরিকদের সচেতন করতে গিয়ে তাঁর কড়া বক্তব্য অনেকের অপছন্দ হচ্ছে বলেও মন্তব্য করেন অগ্নিমিত্রা। তবে তাঁর মতে, শহরের স্বার্থেই প্রয়োজন হলে মানুষকে নিয়ম মেনে চলার কথা কঠোরভাবে বলতে হবে। একইসঙ্গে শহরের দৈনন্দিন পরিষেবা সচল রাখতে যে কর্মীরা সারা বছর কাজ করেন, তাঁদের ভূমিকাকেও বিশেষ গুরুত্ব দেন তিনি।
রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলার অভ্যাস বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে শুধুমাত্র অর্থদণ্ড দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার পরিবর্তে অপরাধীকে জায়গাটি নিজের হাতে পরিষ্কার করানোর ব্যবস্থা করা হতে পারে। এমন ঘটনার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার কথাও তিনি জানিয়েছেন।
শহরে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রশাসন এবার কড়া অভিযান চালাবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। একইসঙ্গে ফাঁকা জমি রেখে সেটি অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখার বিষয়েও মালিকদের সতর্ক করেছেন তিনি। জমির মালিক সেখানে বসবাস না করলেও জায়গাটি পরিষ্কার রাখার দায়িত্ব তাঁরই। নিয়ম না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
কাম্যাক স্ট্রিটে ভারী হোর্ডিং ভেঙে পড়ার ঘটনা নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর বক্তব্য, এমন কাঠামো ভেঙে পড়লে বড়সড় প্রাণহানির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনে কলকাতা পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান চালানোর কথাও জানান তিনি।
এদিকে রাজ্য রাজনীতির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার দাবি নিয়েও কটাক্ষ করেন অগ্নিমিত্রা। পাশাপাশি রাস্তা দখল করে রাজনৈতিক সভা করা এবং আদালতের নির্দেশ না মানার অভিযোগ প্রসঙ্গেও তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বিষয়কে আর সহজভাবে নেওয়া হবে না।


