Aaj India Desk, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরির (Central Government job vacancy) সন্ধানে থাকা প্রার্থীদের জন্য সুখবর। সাহিত্য অকাদেমির বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন এই স্বশাসিত সংস্থায় একাধিক স্তরের পদে লোক নেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০টি শূন্যপদ রয়েছে। দেশের পাঁচটি শহরে কর্মস্থলের সুযোগ মিলতে পারে। ২২ আগাস্ট ২০২৬ তারিখে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই নিয়োগে একসঙ্গে ১৩টি ক্যাটেগরির পদ রাখা হয়েছে। সবচেয়ে বেশি ছয়টি শূন্যপদ রয়েছে MTS-এর জন্য। এছাড়া পাঁচটি পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট, চারটি জুনিয়র ক্লার্ক এবং চারটি স্টেনোগ্রাফার গ্রেড-২ পদ রয়েছে। সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের জন্য দু’টি এবং প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্টের জন্য দু’টি পদ রয়েছে। বাকি বিভাগগুলিতে একটি করে শূন্যপদ রাখা হয়েছে।
যোগ্যতার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তার উপর। যেমন ডেপুটি সেক্রেটারি পদে আবেদন করতে হলে ভাষা অথবা MBA/Public Administration-এ স্নাতকোত্তর ডিগ্রি থাকার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের অভিজ্ঞতা দরকার। অ্যাসিস্ট্যান্ট এডিটর পদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ভাষা বা সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে পাঁচ বছরের কপি এডিটিংয়ের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তুলনায় জুনিয়র ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং MTS-এর মতো পদে শিক্ষাগত যোগ্যতার শর্ত অনেকটাই সহজ। পদের ভিত্তিতে মাধ্যমিক, ১০+২ কিংবা ITI সমতুল যোগ্যতা গ্রহণ করা হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর। সংরক্ষিত বিভাগের ক্ষেত্রে নিয়ম মেনে বয়সে ছাড় প্রযোজ্য।
বেতন কাঠামোও সপ্তম বেতন কমিশনের Pay Matrix অনুযায়ী বিভিন্ন পদে বেতন নির্ধারিত হবে। ডেপুটি সেক্রেটারি পদে মাসিক বেতনক্রম ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট এডিটরের ক্ষেত্রে তা ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। অন্যান্য পদে Pay Level অনুযায়ী ১৮,০০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে।
আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে। নির্দিষ্ট ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং সাম্প্রতিক ছবি পাঠাতে হবে। Speed Post অথবা Registered Post-এ আবেদনপত্র পাঠানোর ব্যবস্থা রয়েছে। ই-মেলে পাঠানো আবেদন গ্রহণযোগ্য নয়।
ফি-ও পদ অনুযায়ী আলাদা। লেভেল ১০ ও ১১-এর ক্ষেত্রে সাধারণ এবং OBC প্রার্থীদের ১,০০০ টাকা, SC/ST ও মহিলা প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। EWS ও PwD প্রার্থীদের কোনও আবেদন ফি নেই। লেভেল ১ থেকে ৬-এর জন্য সাধারণ/OBC প্রার্থীদের ৮০০ টাকা এবং SC/ST/মহিলা প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। Demand Draft করতে হবে ‘Secretary, Sahitya Akademi, New Delhi’-এর নামে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi–110001। একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলে প্রতিটি পদের ক্ষেত্রে পৃথক ফর্ম ও ফি জমা দিতে হবে। সব আবেদন পৌঁছতে হবে ২১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে।


