31 C
Kolkata
Tuesday, August 25, 2026
spot_img

SIR-এ নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ নয়, পাওয়া যাবে প্রকল্পের সুবিধাও! পর্যবেক্ষণ হাইকোর্টের!

নয়াদিল্লি: ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাই কি নাগরিকত্বও খারিজ? না! মঙ্গলবার SIR মামলার শুনানিতে এই বিষয়েই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত স্পষ্ট করে জানাল, ভোটার তালিকায় নাম না থাকা বা SIR-এ নাম বাদ পড়া নিজে থেকে নাগরিকত্ব বাতিল করে না।

এদিনের শুনানিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছে শীর্ষ আদালত। SIR-এ নাম বাদ যাওয়ার পর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, তার মধ্যে কতগুলির নিষ্পত্তি হয়েছে এবং কতজনের নাম ফের ভোটার তালিকায় যুক্ত হয়েছে? এই সমস্ত তথ্য হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে কমিশনকে (Election Commission)।

বাংলায় SIR-এ বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার পর থেকেই তৈরি হয়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে রাজ্যে বসবাসকারী বহু মানুষের দাবি, তাঁদের কাছে বৈধ নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এরপর নাম ফেরানোর সুযোগ দিতে SIR ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার পথ খোলা হয়।

সূত্রের খবর, ট্রাইব্যুনালগুলিতে কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে। আদালত এখন জানতে চাইছে, সেই আবেদনের কতটা নিষ্পত্তি হয়েছে এবং কতজনের নাম সত্যিই ফিরেছে। এর আগে আদালতে প্রায় ৩৪ লক্ষ আপিল বিচারাধীন থাকার তথ্যও উঠে এসেছিল।

‘নাম বাদ’ মানেই ‘বিদেশি’ নয়!

মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি নাগরিকত্বের প্রশ্ন। সুপ্রিম কোর্ট (Supreme Court) আগেও স্পষ্ট করেছে, নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা নিয়ন্ত্রণ করা; নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কমিশনের ক্ষমতার মধ্যে পড়ে না। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নাগরিকত্ব হারানো, দুটি এক বিষয় নয়।

ফলে SIR-এ নাম বাদ পড়েছে বলেই কোনও বাসিন্দাকে সরাসরি ‘বিদেশি’ বলে চিহ্নিত করা যায় না। নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সরকারি প্রকল্প নিয়েও বড় বার্তা

এদিন আদালতের (Supreme Court) পর্যবেক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সরকারি প্রকল্পের সুবিধা। শুধুমাত্র SIR-এ নাম বাদ পড়েছে, এই কারণ দেখিয়ে কোনও বাসিন্দাকে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যায় কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আদালতের অবস্থান, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব বাতিলের সমার্থক নয়। তাই শুধুমাত্র সেই ভিত্তিতে নাগরিকের অন্যান্য অধিকার বা সরকারি সুবিধা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, এই বার্তাই স্পষ্ট হয়েছে শুনানিতে।

এখন নজর নির্বাচন কমিশনের রিপোর্টে। কত আবেদন এল, কত নিষ্পত্তি হল, কতজনের নাম ফিরল? SIR বিতর্কে সেই সংখ্যার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন