কলকাতা: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিপুল খরচ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল! সমাজমাধ্যমের পোস্টে বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের তরফে লেখা হয়, “এক দেশ, এক নির্বাচন”-কে খরচ সাশ্রয়ী সংকার হিসেবে দাবী করা হলেও আদপে এটি এক দেশ, এক নিপীড়ন! যেখানে নির্বাচন কমিশন (Election Commission) “রাজনৈতিক ভাড়াটে বাহিনীতে পরিণত হয়েছে”। তৃণমূলের এই আক্রমণাত্মক পোস্ট থেকে স্পষ্টতই বলা যায়, সংসদের বাইরে মমতা এবং ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোদী সরকারের কাছে দ্বিমুখী অস্বস্তিতে পরিণত হয়েছে।
আমজনতার পকেট কেটে SIR?
তৃণমূলের দাবী, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় জন্য যে বিপুল পরিমাণ টাকা খরছ হয়েছে তার ভার বহন করছে দেশের ১৫০ কোটি জনতা। পোস্টটিতে দাবী করা হয়, “এই বেপরোয়া, প্রতিহিংসাপরায়ণ এসআইআর (SIR) অভিযান ইতিমধ্যেই দেড় কোটি নাগরিকের পকেট থেকে প্রায় ২,০০০ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে”।
আমজনতার হয়রানি
প্রসঙ্গত, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুরুর লগ্ন থেকেই আমজনতার হয়রানির অভিযোগ জানিয়ে আসছে তৃণমূল। এসআইআর শুনানির সঙ্গে জুড়ে গিয়েছে ‘হয়রানির’ দাবী। গত প্রায় দেড় মাসের শুনানি প্রক্রিয়ায় রাজ্যজুড়ে সেই ছবিও ধরা পড়েছে। যার বিরুদ্ধে বরাবর সরব হয়েছে তৃণমূল। এমনকি সুপ্রিম কোর্টে নিজে এসআইআর মামলার শুনানিতে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাজমাধ্যমের ওই পোস্টটিতে তৃণমূলের দাবী, SIR-এর ফলে “পরিযায়ী শ্রমিকরা মজুরি হারিয়েছেন, বয়স্করা তাদের সঞ্চয় নিঃশেষ করেছেন, মহিলাদের পরীক্ষার সম্মুখীন হতে বাধ্য করা হয়েছে। এমনকি রোগীদের হাসপাতালের বিছানা থেকে টেনে আনা হয়েছে, শুধুমাত্র তারা নিজেদের দেশেরই নাগরিক এইটুকু প্রমাণ করতে।”
আগামীকাল ফের শুনানি
প্রসঙ্গত, ৪ জানুয়ারি সেই ঐতিহাসিক শুনানির পর আগামীকাল অর্থাৎ ৯ জানুয়ারি ফের সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি। তার আগে তৃণমূলের এই তোপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যেখানে বলা হয়েছে, “প্রথমে মোদি সরকার বাংলার ন্যায্য পাওনা আটকে দেয়। তারপর সরাসরি জনগণের রক্ত চুষে নেয়। এটি হলো গণতন্ত্রের অর্থনৈতিক শ্বাসরোধ, যা একটি দল এবং একজন ব্যক্তির ক্ষমতার জন্য অতৃপ্ত লোভ দ্বারা চালিত। বাংলা ক্ষমা করবে না। বাংলা ভুলবে না।”


