29 C
Kolkata
Sunday, August 23, 2026
spot_img

দিল্লি এইমসে ভর্তি বিমান বসু,বসছে পেসমেকার!এখন কেমন আছেন বামফ্রন্ট চেয়ারম্যান?

Aaj India Desk , কলকাতা:দিল্লির এইমসে চিকিৎসাধীন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu Health Update) র শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শনিবার সিপিএমের তরফে জানানো হয়েছে, তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। হৃদযন্ত্রের সমস্যা নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন প্রবীণ এই বাম নেতা।

উদ্বেগের কারণ নেই, জানালেন সেলিম

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসুর চিকিৎসার বিষয়ে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে দল। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আপাতত উদ্বেগের মতো কোনও পরিস্থিতি নেই বলেই সিপিএম নেতৃত্বকে জানানো হয়েছে।

তবে এখনই তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ মেনে দলের নেতা-কর্মীদের বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আরও কয়েক দিন তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।

হাসপাতাল থেকে ফিরেও কি বদলাবে অভ্যাস?

বিমান বসুর অসুস্থতার খবরের পাশাপাশি দলের অন্দরে আলোচনায় এসেছে তাঁর দীর্ঘদিনের ধূমপানের অভ্যাসও। সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে আলিমুদ্দিন স্ট্রিটে অবসর সময় বিমান বসুর হাতে সিগারেট দেখা যাওয়া নতুন কিছু নয়। দীর্ঘদিনের এই অভ্যাস পেসমেকার বসানোর পর তিনি কতটা বদলাতে পারবেন, তা নিয়েই দলের অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

শুধু ধূমপান নয়, তাঁর দীর্ঘদিনের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসতে পারে। গত ১ জুলাই ৮৭ বছরে পা দিয়েছেন বিমান বসু। দীর্ঘদিন ধরে তাঁর খাওয়াদাওয়ার ধরন ছিল বেশ নিয়ন্ত্রিত। দুপুরে ফল, সন্ধ্যায় সামান্য মুড়ি এবং রাতে মূল খাবার এভাবেই চলতেন তিনি। পাশাপাশি লিকার চা এবং মাঝে মধ্যে কফি খাওয়ার অভ্যাসও ছিল।

কবে কলকাতায় ফিরবেন বিমান?

দলীয় সূত্রের খবর, হাসপাতাল থেকে ছুটি পেলেও সঙ্গে সঙ্গে কলকাতায় ফেরানো হবে না বিমান বসুকে। কয়েক দিন দিল্লিতেই রেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। এরপর পরিস্থিতি অনুকূল হলে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বয়সজনিত কারণে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে সিপিএম নেতৃত্ব। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং নিয়ম মেনে চলাই প্রবীণ বাম নেতার সুস্থ হয়ে ওঠার প্রধান ভরসা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন