Aaj lndia Desk, শিলিগুড়িতে: বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের শিলিগুড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah)। দু’দিনের এই সফরে সীমান্ত নিরাপত্তা এবং পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বাগডোগরা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, বিশাল লামা এবং দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
সুকনায় রাত, শুক্রবার ‘চিকেনস নেক’-এ নজর
বাগডোগরা থেকে সোজা সুকনার একটি হোটেলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে তাঁর সুকনায় সশস্ত্র সীমা বল বা এসএসবি শিবিরে যাওয়ার কথা। সেখানে শিলিগুড়ি করিডোর, অর্থাৎ ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। এই বৈঠকগুলিতে বিএসএফের শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
কাওয়াখালিতে বিএনএস প্রদর্শনীর উদ্বোধন
এসএসবি শিবিরের কর্মসূচি শেষ করে অমিত শাহ যাবেন শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে। সেখানে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ বা বিএনএস নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীরও থাকার কথা রয়েছে।
২৬ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সাধারণ মানুষকে নতুন ফৌজদারি আইন সম্পর্কে সচেতন করাই এর উদ্দেশ্য। সেখানে ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির কোন ধারার পরিবর্তে বিএনএসে কোন ধারা এসেছে, তা সহজভাবে তুলে ধরা হবে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও বৈঠক
শুক্রবার দিনের কর্মসূচি শেষ করে সুকনার হোটেলে ফিরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এরপর শনিবারও ব্যস্ত কর্মসূচি রয়েছে তাঁর।
শনিবার পাহাড় নিয়ে পরপর দু’টি বৈঠক
শনিবার হোটেলেই পাহাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে পরপর দু’টি বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের সমস্যা এবং তার সমাধানের পথ নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা। সমস্ত বৈঠক ও কর্মসূচি শেষ করে শনিবারই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা অমিত শাহের।


