Aaj India Desk, কলকাতা : সম্প্রতি ডানকুনিতে Lux Cozi-র কারখানা সম্প্রসারণে ৬০০ কোটি টাকার বিনিয়োগ ও কর্মসংস্থানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই এই বিষয়ে কিছু তথ্য প্রকাশ করে একাধিক প্রশ্ন তুললেন তৃণমূল নেতা এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।
১১ জুলাই ডানকুনিতে Lux Cozi-র ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সম্প্রসারণের শিলান্যাস অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি কয়েক হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানানো হয়। এই ঘোষণার পরই প্রকল্পের অনুমোদন ও জমির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, শিল্পায়ন হোক, নতুন কারখানা তৈরি হোক, কিন্তু তার আগে প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিবেশগত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কি না, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।
‘কারখানার অনুমোদিত প্ল্যান কোথায়?’
কুণালের প্রথম প্রশ্ন, এত বড় প্রকল্পের শিলান্যাস যখন হল, তখন সংশ্লিষ্ট কারখানার বিস্তারিত প্ল্যান কোথায়? সেটি অনুমোদিত হয়েছে কি না, তা প্রকাশ্যে জানানো হয়েছে কি? এছাড়া কুণাল ঘোষ দ্বিতীয় প্রশ্ন করেন জমির পূর্ববর্তী ব্যবহার নিয়ে। তাঁর দাবি, ওই জমিতে আগে শুধুমাত্র গোডাউন তৈরির প্রস্তাব ছিল কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।।যদি সত্যিই আগে গুদাম তৈরির পরিকল্পনা হয়ে থাকে, তাহলে পরবর্তীতে সেখানে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরির অনুমোদন কবে দেওয়া হয়েছে সেটিও প্রকাশ্যে আসা দরকার বলে প্রশ্ন তুলেছেন তিনি।
বিভাগীয় তদন্তের দাবি কুনালের
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে পরিবেশগত অনুমোদন নিয়ে। কুণালের বক্তব্য অনুযায়ী, কয়েক বছর আগে ওই জমিতে শুধুমাত্র গোডাউন ব্যবহারের ক্ষেত্রে আলাদা পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন নেই বলে পরিবেশ দফতর একটি চিঠি দিয়েছিল। একইসঙ্গে সেখানে শিল্পোৎপাদন করা যাবে না বলেও নির্দেশ ছিল বলে তাঁর দাবি। এখন সেই নির্দেশের কোনও পরিবর্তন হয়েছে কি না, হয়ে থাকলে কবে হয়েছে, এই তথ্যও সামনে আনার দাবি জানিয়েছেন তিনি। এই প্রশ্নগুলির উত্তর পেতে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর কাছে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।


