Aaj India Desk, কলকাতা : তারাপীঠের পর এবার নিউ মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের (New Market Fire) জেরে নড়েচড়ে বসলো কলকাতা পুরসভা। আগুনে ক্ষতিগ্রস্ত হোটেলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পাশাপাশি শহরের সমস্ত বাণিজ্যিক আবাসন, হোটেল, মার্কেট এবং জনসমাগমস্থলের অগ্নিনিরাপত্তা ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে ১৬টি বরোতেই পৃথক তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ আগস্ট থেকে শুরু হবে নজরদারি
আগামী ২৫ আগস্ট থেকে ১৬টি বরোর অধীনে থাকা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বিশেষ পর্যবেক্ষণ শুরু হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ-সহ সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে কমিটিগুলি। প্রাথমিক রিপোর্ট এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই তদন্তে শুধু অগ্নিনিরাপত্তার বিষয়টিই নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির আইনি বৈধতাও যাচাই করা হবে। সেই কারণে তদন্ত কমিটিতে কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগকেও রাখা হয়েছে। যৌথ পর্যবেক্ষণ দলে কলকাতা পুরসভা, কেএমডিএ, কলকাতা পুলিশ, দমকল এবং সিইএসসি-র প্রতিনিধিরা থাকবেন।
নজরদারিতে গাফিলতি খুঁজবে পুরসভা
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের (New Market Fire) ঘটনায় পুরসভার নজরদারিতে ঘাটতি ছিল কি না, সেই প্রশ্নও উঠেছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, কোথায় নজরদারির প্রক্রিয়ায় গাফিলতি বা ভুলত্রুটি ছিল, তা খুঁজে দেখতে বিল্ডিং বিভাগের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। লাইসেন্স এবং বিল্ডিং দুই বিভাগেই দায়িত্ব পালনে কোনও উদাসীনতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রশাসনের পদক্ষেপের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও বার্তা দিয়েছেন পুর কমিশনার। তাঁর বক্তব্য, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলা এবং নিয়মিত সতর্ক থাকা সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও দায়িত্ব।
নিউ মার্কেটের ঘটনার পর এবার কলকাতা জুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে পুরসভা। ২৫ অগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ১৬টি বরোর আওতাধীন প্রতিষ্ঠানগুলি কতটা নিরাপদ এবং কতটা নিয়ম মেনে চলছে, তার প্রকৃত ছবি দ্রুত সামনে আসতে পারে।


