কলকাতা: কথায় আছে, ‘রক্ষকই ভক্ষক’! তারই জলজ্যান্ত উদাহরণ মিলল কলকাতার নিউটাউনে। একটি আবাসনের পরিচারিকাকে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠেছে খোদ লালবাজারের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই টেকনো সিটি থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। নিউ টাউনের ওই আবাসনের একাধিক ফ্ল্যাটে পরিচারিকার কাজ করেন তিনি। তাঁর অভিযোগ, বুধবার সকালে আবাসনে পৌঁছতেই অভিযুক্ত কনস্টেবল তাঁকে কুপ্রস্তাব (Molestation) দেন। ফ্ল্যাট ফাঁকা থাকার কথা বলে টাকার বিনিময়ে তাঁর সঙ্গে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগ, ওই প্রস্তাবে রাজি না হয়ে পরিচারিকা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে বাধা দেন কনস্টেবল। এমনকি তাঁর হাত ধরে টানাটানি করে (Molestation) নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে নিজেকে ছাড়িয়ে আবাসনের গেটের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান ওই মহিলা।
বাড়ি ফিরে স্বামীকে গোটা ঘটনা জানান তিনি। এরপর স্বামীর সঙ্গে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকারীদের কাছে অভিযুক্ত কনস্টেবলের ফ্ল্যাটও দেখিয়ে দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
অভিযোগের সত্যতা যাচাই করতে CCTV ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।


