Aaj India Desk,উত্তর ২৪ পরগনার : পানিহাটিতে এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে তিন বন্ধু ডেকে নিয়ে যাওয়ার পরই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতের পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই তিন বন্ধুর বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত যুবকের নাম কৃষ্ণকান্ত সরকার। তিনি পানিহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, কৃষ্ণকান্ত বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ অগাস্ট দলীয় কাজের কথা বলে কৃষ্ণকান্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাঁর তিন বন্ধু। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরের দিন পরিবারের কাছে খবর আসে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কৃষ্ণকান্ত। অভিযোগ, তাঁকে পানিহাটি হাসপাতালে ভর্তি করে এক বন্ধু সেখান থেকে চলে যায়। তার আগেই বাকি দুই বন্ধুও সরে পড়ে বলে দাবি পরিবারের।
কৃষ্ণকান্তের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পরিবারের সদস্যরা আর জি কর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অগাস্ট তাঁর মৃত্যু হয়।
এর পরই সন্দেহ আরও ঘনীভূত হয় পরিবারের। তাঁদের দাবি, দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলা হলেও কৃষ্ণকান্তের শরীরে সেভাবে আঘাতের চিহ্ন ছিল না। পাশাপাশি, দুর্ঘটনায় কৃষ্ণকান্ত গুরুতর আহত হলেও তাঁর সঙ্গে থাকা তিন বন্ধুর কারও কেন চোট লাগল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।
যে অটোতে কৃষ্ণকান্ত দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলে বন্ধুদের দাবি, সেটিও অক্ষত ছিল বলে পরিবারের অভিযোগ। ফলে গোটা ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। কৃষ্ণকান্তের স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সন্দেহ, দুর্ঘটনার আড়ালে অন্য কোনও ঘটনা ঘটে থাকতে পারে। এখন তিন বন্ধুর বক্তব্য এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ।


