30.7 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

দলবদলু সাংসদদের পদ খারিজে ‘ডেডলাইন’! সুপ্রিম কোর্টে যাচ্ছে কালীঘাট তৃনমূল ?

Aaj India Desk, নয়া দিল্লি : দলত্যাগী ২০ সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া আবেদনের দ্রুত নিষ্পত্তি চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বুধবার স্পিকারের সঙ্গে বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় তিন সপ্তাহ আগে অভিযোগ জমা দেওয়া হলেও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আরও এক সপ্তাহ থেকে সর্বোচ্চ ১০ দিন অপেক্ষা করবে কালীঘাটের তৃণমূল। তার মধ্যে স্পিকার পদক্ষেপ না করলে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দল।

স্পিকারের কাছে পৃথক ২০ আবেদন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের (Trinamool Congress) একাধিক সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। দলীয় সূত্রের দাবি, ওই ২০ সাংসদ পরবর্তী সময়ে NDA-কে সমর্থনও জানিয়েছেন।

এই দলত্যাগকে কেন্দ্র করে প্রত্যেক সাংসদের বিরুদ্ধে পৃথকভাবে লোকসভার স্পিকারের কাছে সদস্যপদ খারিজের আবেদন জমা দিয়েছে তৃণমূল। অভিযোগ, ২২-২৩ জুলাইয়ের দিকে ওই আবেদনগুলি জমা দেওয়া হলেও এখনও তার নিষ্পত্তি হয়নি। একই সঙ্গে NCPI-কে লোকসভায় পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও স্পিকারের সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি।

বুধবার স্পিকারের সঙ্গে অভিষেক

বিষয়টি নিয়ে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল ওম বিড়লার সঙ্গে দেখা করে। বৈঠকে মূলত দু’টি দাবি জানানো হয়। প্রথমত, দলত্যাগ সংক্রান্ত অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি। দ্বিতীয়ত, লোকসভায় তৃণমূল সাংসদদের আসন পিছনের সারিতে সরিয়ে দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। বৈঠকের পর সংসদ চত্বরে অভিষেক বলেন, “আমরা ২২-২৩ জুলাইয়ের দিকে স্পিকারকে লিখেছিলাম। তিন সপ্তাহ কেটে গিয়েছে। তারপর আমরা আদালতে যেতে পারি।”

তৃণমূলের বক্তব্য, দলত্যাগ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা থাকলেও বিষয়টি অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা যায় না। অতীতে দলত্যাগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট স্পিকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে তৃণমূলের এই মামলায় সেই সময়সীমা এখনও পুরোপুরি শেষ হয়নি। তা সত্ত্বেও দলটি দীর্ঘ সময় অপেক্ষা করতে চাইছে না। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে স্পিকারের অবস্থান স্পষ্ট না হলে সুপ্রিম কোর্টে যাওয়ার আইনি প্রস্তুতি নেওয়া হবে।

চাপ বাড়াতে কৌশল কালীঘাটের

দলত্যাগী সাংসদদের সদস্যপদ বাতিলের দাবি ঘিরে এবার সরাসরি সাংবিধানিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল (Trinamool Congress)। স্পিকারের সঙ্গে বৈঠককে সেই চাপ তৈরিরই অংশ হিসেবে দেখা হচ্ছে।এখন নজর স্পিকার ওম বিড়লার পরবর্তী পদক্ষেপের উপর। আগামী কয়েক দিনের মধ্যে দলত্যাগের অভিযোগগুলির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয় কি না, তার উপরই পরবর্তী রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নির্ভর করছে তৃণমূলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন