Aaj India Desk, কলকাতা : শিবভক্তদের জন্য আয়োজিত সেবা শিবিরে নাচের অনুষ্ঠান। আর সেই মঞ্চেই এক নর্তকীকে কোলে তুলে নাচতে দেখা যায় বিজেপি কর্মীদের। কলকাতার কাছে বরানগরের এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। তার মধ্যেই এবার এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি কর্মীদের সংস্কৃতি নিয়ে কটাক্ষ করলো তৃনমূল কংগ্রেস। (Religious Event Controversy)
বরানগরের সেবা শিবিরে কী ঘটেছিল?
ঘটনাটি গত শনিবার বরানগরের ৩ নম্বর ওয়ার্ডে, বিটি রোডের ধারে একটি পেট্রল পাম্পের কাছে বলে জানা গিয়েছে। তারকেশ্বরের উদ্দেশে যাওয়া শিবভক্তদের জন্য সেখানে জল, সরবত, বিস্কুট, খিচুড়ি-সহ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। রাতে ওই শিবিরে গানের সঙ্গে নাচের অনুষ্ঠান শুরু হয়। অভিযোগ, সেই সময় কয়েকজন বিজেপি নেতা-কর্মী মঞ্চে উঠে নর্তকীর সঙ্গে নাচেন। তাঁদের মধ্যে একজনকে নর্তকীকে কোলে তুলে নাচতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। সেই দৃশ্যের একটি ভিডিওই এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।(Religious Event Controversy)
ভিডিও ঘিরে তৃণমূলের কটাক্ষ
ভিডিওটি বরানগরের তৃণমূল যুব নেতা শান্তনু মজুমদার ওরফে মেজো সমাজমাধ্যমে পোস্ট করেন। তাঁর প্রশ্ন, “এটা শিবভক্তদের সেবা করা?” তাঁর অভিযোগ, বাংলার সংস্কৃতির নামে এই ধরনের ‘অপসংস্কৃতি’ বরানগরের মানুষ মেনে নেবেন না।(Religious Event Controversy)
এরপরেই আজ তৃনমূল কংগ্রেসের টুইটার থেকেও এই ভিডিওটি প্রকাশ করে বিজেপিকে নিশানা করা হয়।তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপির আমলে ধর্মীয় অনুষ্ঠানের মতো জায়গায় মহিলাদের ‘প্রদর্শনীর বস্তু’ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তাঁদের নাচতে বা জনসমক্ষে বিনোদনের অংশ হতে বাধ্য করা হচ্ছে। দলের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত মঞ্চে মহিলাকে বিনোদনের বস্তু হিসেবে তুলে ধরার মতো আচরণ মহিলাদের মর্যাদা ও অনুষ্ঠানের পবিত্রতা নিয়েই প্রশ্ন তোলে। দলটির দাবি, রাজনৈতিক সংস্কৃতিতে মহিলাদের মর্যাদার পরিবর্তে তাঁদের বিনোদনের বস্তু হিসেবে তুলে ধরার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। তবে এর পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনো কিছু ঘোষণা করা হয়নি।


