কলকাতা: রাজ্যে সরকার পালাবদলের পর খুলেছে অভয়া (Abhaya Case) ফাইলস। ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শনের পর এবার তদন্তকারীদের নজরে সেই রাতের একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষী। সূত্রের খবর, ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে ডিনারে উপস্থিত বন্ধুদের ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। পাশাপাশি সেই সময় হাসপাতালে থাকা নার্স, চিকিৎসক, নিরাপত্তারক্ষী এবং আদালতে সাক্ষ্য দেওয়া কর্মীদেরও ফের জেরা করার প্রস্তুতি চলছে। তদন্তের এই নতুন তৎপরতায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, আগের তদন্তে কোনও গুরুত্বপূর্ণ সূত্র কি বাদ পড়েছিল?
সূত্রের দাবি, তদন্তের বেশ কিছু দিক নিয়ে নতুন তদন্তকারী দলের সন্তুষ্টি নেই। অতীতে অভিযুক্ত ও সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির পলিগ্রাফ পরীক্ষা হলেও, সেই পরীক্ষার ফল এবং তদন্তের অন্যান্য তথ্য ফের খতিয়ে দেখা হচ্ছে (Abhaya Case)। ফলে মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা যাচাই করতে ফের জিজ্ঞাসাবাদের পথে হাঁটতে চাইছেন তদন্তকারীরা।
ডিনারের রাত ফের তদন্তের কেন্দ্রে
ঘটনার রাতে নির্যাতিতার (Abhaya Case) সঙ্গে কারা ডিনারে ছিলেন, তাঁরা কী দেখেছিলেন, কখন কে কোথায় ছিলেন, এই প্রশ্নগুলিই এবার ফের সামনে আসছে। পরিবারের তরফেও বহুবার দাবি উঠেছে, ওই রাতের ঘটনাপ্রবাহ আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
ফলে বন্ধুদের পাশাপাশি সেই রাতে হাসপাতালে উপস্থিত থাকা নার্স, চিকিৎসক ও অন্যান্য কর্মীদের বক্তব্যও নতুন করে যাচাই করা হতে পারে। কার বক্তব্যের সঙ্গে কার বক্তব্য মিলছে, আর কোথায় তৈরি হচ্ছে অসঙ্গতি, সেদিকেই নজর তদন্তকারীদের।
সন্দীপ ঘোষকেও কি ফের জেরা? তদন্তের আরেক গুরুত্বপূর্ণ নাম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বর্তমানে জেলবন্দি। সূত্রের খবর, প্রয়োজন মনে করলে আদালতের অনুমতি নিয়ে তাঁকেও ফের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।
অর্থাৎ তদন্তের পরিধি শুধু ঘটনাস্থলে সীমাবদ্ধ থাকছে না। ঘটনার আগে-পরে হাসপাতালের প্রশাসনিক পরিস্থিতি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং সেই রাতের গতিবিধি, সবকিছুই নতুন করে মিলিয়ে দেখা হতে পারে।
ফের নজরে সিসিটিভি ফুটেজ
শুধু সাক্ষীদের জেরা নয়, পুরনো সিসিটিভি ফুটেজও ফের খতিয়ে দেখার প্রস্তুতি চলছে (Abhaya Case) বলে সূত্রের খবর। কে কখন হাসপাতালে ঢুকেছিলেন, কার গতিবিধি কোথায় ছিল এবং ঘটনার আগে-পরে কোনও অস্বাভাবিক নড়াচড়া হয়েছিল কি না, ফুটেজ থেকে সেই তথ্য নতুন করে যাচাই করা হতে পারে।
এর পাশাপাশি ঘটনাস্থলের ভৌগোলিক অবস্থানও ফের পরীক্ষা করেছেন তদন্তকারীরা। দিল্লি থেকে বিশেষ প্রতিনিধি দল এসে হাসপাতাল চত্বর পরিদর্শন করেছে। যে জায়গায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের (Abhaya Case) অভিযোগ উঠেছিল, সেই স্থানও নতুন করে খতিয়ে দেখা হয়েছে।
তদন্তে কেন এই ‘রিসেট’?
এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়। এতদিনের তদন্তের পর ফের একই সাক্ষীদের ডাকা, পুরনো ফুটেজ দেখা এবং ঘটনাস্থল পরিদর্শনের অর্থ কী? তদন্তকারী মহলের সূত্র উদ্ধৃত করে যে ইঙ্গিত মিলছে, তা হল, মামলার আগের তদন্তে যে জায়গাগুলিতে আরও গভীরে যাওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে, সেগুলিই এবার নতুন করে যাচাই করা হচ্ছে। তবে কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বা তদন্তের মোড় নিশ্চিতভাবে অন্যদিকে ঘুরেছে, এমন দাবি করার মতো চূড়ান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। ফলে আপাতত প্রশ্নই বেশি, উত্তর কম।
সেই রাতের ডিনারে আসলে কী হয়েছিল? কার বক্তব্যে মিলছে না তথ্য? সিসিটিভিতে কি মিলবে নতুন কোনও সূত্র? আর জেলবন্দি সন্দীপ ঘোষকে ফের জেরা করা হলে সামনে আসবে কি নতুন কোনও তথ্য আরজি কর কাণ্ডের তদন্তে এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই এখন ফের সক্রিয় তদন্তকারীরা। ফলে বহুচর্চিত এই মামলায় ‘অভয়া ফাইলস’-এর পুরনো পাতাগুলি নতুন করে উল্টে যাওয়ার ইঙ্গিতই মিলছে।


