Aaj India Desk, কলকাতা: অন্য একটি মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) সুরক্ষা এবং চাকরি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) অন্তর্বর্তী রক্ষাকবচ থাকলেও নতুন আইনি জটিলতা থেকে মুক্তি পাচ্ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও চারটি পৃথক এফআইআরে গ্রেফতার এড়াতে শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তবে এদিন আদালত থেকে কোনও তাৎক্ষণিক স্বস্তি মেলেনি।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সুমিত রায়ের আইনজীবী মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। কিন্তু বিচারপতি সেই আবেদন গ্রহণ করেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মামলাটি নির্ধারিত তালিকার ক্রম মেনেই শুনানি হবে। ফলে নতুন চারটি মামলায় আপাতত কোনও অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেলেন না সুমিত।
এরই মধ্যে সুমিত রায়ের বিরুদ্ধে সিআইডি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাঁকে খুঁজতে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) এবং সিআইডি (CID)যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীদের অভিযোগ, সরকারি জমি দখল করে সেখানে পেট্রল পাম্প, রিসর্ট, হোটেল-সহ একাধিক বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার অভিযোগে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে চারটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। এই মামলাগুলিতে গ্রেফতার এড়ানো এবং এফআইআর বাতিলের আবেদন নিয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
এর আগে মেদিনীপুরের শালবনি জমি সংক্রান্ত মামলায় তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার শর্তে পরবর্তী শুনানি পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও তিনি কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী সুরক্ষা পেয়েছেন।
আইনজীবীদের একাংশের মতে, একাধিক মামলায় আইনি সুরক্ষা বজায় রাখতেই ধারাবাহিকভাবে আদালতের শরণাপন্ন হচ্ছেন সুমিত রায়। তবে শুক্রবার জরুরি শুনানির আবেদন খারিজ হওয়ায় এবং মামলাটি সাধারণ তালিকা অনুযায়ী শুনানির নির্দেশ দেওয়ায় তাঁর আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠল বলে মনে করা হচ্ছে।


