Aaj India desk, নয়াদিল্লি: গত দু’বছর ধরে NEET পরীক্ষার প্রশ্ন ফাঁস (NEET paper leak) হয়ে চলেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পাওয়ার পর থেকে অভিযোগ অনিয়মের। এই নিয়ে দেশজুড়ে আন্দোলনের ফলে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি তদন্ত চালাচ্ছিল সিবিআই। এবার চার্জশিট পেশ করলো তারা। সেখানে বলা হয়েছে কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে প্রমাণও পেয়েছে সিবিআই। সিবিআই এর তদন্ত থেকে পরিষ্কার ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল।
অভিযোগের তীর কাদের দিকে ?
ছাত্রছাত্রীরা বারবার করে অভিযোগ করছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির স্বচ্ছতা নিয়ে। বাস্তবে দেখা গেল প্রশ্ন ফাঁসের(NEET paper leak) সঙ্গে যুক্ত এজেন্সিরই তিনজন বিশেষজ্ঞ। প্রল্লাদ বিঠঠলরাও কুলকার্নি (রসায়ন বিশেষজ্ঞ), মনীষা গুরুনাথ মান্ধারে (উদ্ভিদবিদ্যা/জীববিজ্ঞান বিশেষজ্ঞ), মনীষা সঞ্জয় হাভালদার (পদার্থবিদ্যা বিশেষজ্ঞ)। তিনজনই সরকারি কর্মকর্তা। এবং তিনজনই মহারাষ্ট্রের। ডিজিটাল মাধ্যমে কোনরকম প্রমাণ না রেখে অত্যন্ত চতুর ভাবে প্রশ্ন ফাঁস করছিলেন তারা। যার ফলে প্রশ্ন ফাঁস হয় এবং প্রায় কুড়িজন শিক্ষার্থী আত্মহত্যা করে। অভিযোগ শুধু টাকা নয় বিভিন্ন কোচিং সেন্টারে পড়ুয়ার সংখ্যা বাড়ানো ছিল তাদের উদ্দেশ্য।
কিভাবে প্রশ্ন ফাঁস হচ্ছিল?
প্রশ্ন ফাঁসের (NEET paper leak) জন্য সুযোগের সদ্ব্যবহার করেছিলেন তিনজন।মারাঠি থেকে ইংরেজি ভাষায় ‘ব্যাক ট্রান্সলেশন’-এর কাজের সময় কুলকার্নি সম্পূর্ণ প্রশ্ন দেখার সুযোগ পান। এনটিএ-র গোপন কক্ষে রাফ কাগজে রসায়নের সবকটি প্রশ্ন ও উত্তর অপশন ছোট ছোট চিরকুটে লিখে ফেলেন। এই চিরকুটগুলি বাইরে এনে তিনি সহ-অভিযুক্ত মনীষা ওয়াঘমারে ও লাতুরের একটি কোচিং সেন্টারের মালিকের সাহায্যে শিক্ষার্থীদের নিয়ে গোপন রিভিশন ক্লাস করান। তাঁর ফোন থেকে উদ্ধার হওয়া হাতে লেখা প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের ১১১টি প্রশ্ন হুবহু মিলে গেছে।মনীষা মান্ধারে ইংরেজি থেকে মারাঠি অনুবাদের দায়িত্ব পেয়েছিলেন। সিবিআই জানায়, প্রশ্নপত্র দেখার পর তিনি NCERT পাঠ্যবইয়ের নির্দিষ্ট অনুচ্ছেদগুলিতে দাগ দিয়ে দিতেন, যেখান থেকে প্রশ্নগুলি হুবহু তুলে নেওয়া হয়েছিল। বইয়ের সেই চিহ্নিত অংশগুলি দেখিয়ে তিনি পুনেতে নিজের বাড়িতে শিক্ষার্থীদের বিশেষ কোচিং ক্লাস নিতেন, যাতে পরীক্ষার আগেই তারা উত্তরগুলো মুখস্থ করে নিতে পারে। এই মামলায় সিবিআই মোট তেরোজনকে অভিযুক্ত করেছে।


