Aaj India Desk, কলকাতা: পাকিস্তান-সমর্থিত জঙ্গি চক্রের নিশানায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর তদন্তে এমন তথ্য সামনে আসার পর থেকেই তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রবিবার থেকে তিনি সড়কপথে যাতায়াতের জন্য নতুন বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার শুরু করেছেন। আজ, কাঁথির বাড়ি থেকে ওই সাদা রঙের গাড়িতেই কলকাতায় আসেন তিনি। তবে শুধু বুলেটপ্রুফ গাড়ি নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য এবার বুলেটপ্রুফ জ্যাকেট পরারও পরামর্শ দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে STF। শনিবার সাংবাদিক বৈঠকে সংস্থার আইজি গৌরব শর্মা জানান, ধৃতের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর যোগাযোগ থাকার সন্দেহ রয়েছে। তদন্তকারীদের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে প্রভাবিত করা হয়েছিল। এরপর তাকে মুখ্যমন্ত্রীর দৈনন্দিন গতিবিধি, নিরাপত্তা ব্যবস্থা এবং কোথায় নিরাপত্তার ফাঁক রয়েছে, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারীদের মতে, বড়সড় নাশকতার পরিকল্পনার অংশ হিসেবেই এই নজরদারি চালানো হচ্ছিল।
এই তথ্য প্রকাশ্যে আসার পরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশাসনের তৎপরতা বেড়ে যায়। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বুলেটপ্রুফ গাড়ি প্রয়োজন এবং তাঁর দফতর সেই ব্যবস্থা করতে প্রস্তুত ছিল। অন্যদিকে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গাড়ি থেকে নেমে যেতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন ঝুঁকি নেওয়া উচিত নয়। তাঁর মতে, এখন থেকে মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ গাড়ি এবং জ্যামার ব্যবহার করা দরকার। তিনি বলেন, “আগে নিজেকে বাঁচাতে হবে, তারপরই রাজ্য ও প্রশাসনকে সুরক্ষিত রাখা সম্ভব।”
প্রসঙ্গত, গত ৬ মে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। তার দু’দিন পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু। সেই সময় থেকেই পুলিশ প্রশাসনের তরফে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও কনভয়ে বুলেটপ্রুফ গাড়ি থাকলেও তিনি এতদিন সেটি ব্যবহার করতেন না। তবে সাম্প্রতিক জঙ্গি-যোগের তথ্য সামনে আসার পর আর কোনও ঝুঁকি না নিয়ে এখন থেকে বুলেটপ্রুফ গাড়িতেই যাতায়াত শুরু করেছেন মুখ্যমন্ত্রী।


