Aaj India Desk, কলকাতা: সেবাশ্রয় কর্মসূচিকে ঘিরে তদন্তে উঠে আসা প্রাথমিক তথ্য রাজ্যের প্রশাসনিক মহলে যথেষ্ট আলোড়ন ফেলেছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, দক্ষিণ ২৪ পরগনা জেলার সরকারি স্বাস্থ্য পরিষেবার জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ ওষুধ এই কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অভিযোগের গুরুত্ব বাড়ছে এই কারণে যে, সংশ্লিষ্ট কর্মসূচি সরকারি প্রকল্প হিসেবে পরিচালিত না হলেও সেখানে সরকারি মজুতের ওষুধ ব্যবহারের অভিযোগ উঠেছে। কীভাবে সেই ওষুধ ব্যবহারের অনুমতি মিলল, তা নিয়েই এখন জোরদার অনুসন্ধান চলছে।
জানা যাচ্ছে, সরকারি ভান্ডার থেকে ঠিক কত মূল্যের ওষুধ এই কাজে ব্যবহার হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। পাশাপাশি কোন স্তর থেকে এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দায়িত্ব নির্ধারণের প্রাথমিক প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও প্রশাসনিক মহলের ইঙ্গিত।
অন্যদিকে, ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়( Abhishek Banerjee)- এর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে দাবি করেছেন, ২০২২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’-এ একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের সম্ভাবনা রয়েছে। তাঁর অভিযোগ, ওই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল এবং সরকারি সম্পদের ব্যবহার ও বিভিন্ন সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম যথাযথভাবে মানা হয়নি।
অভিযোগপত্রে তিনি পুলিশের কাছে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদন জানিয়েছেন। এর আগেও ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরকে ঘিরে অনিয়মের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ নথিভুক্ত হয়েছে, এফআইআর হয়েছে এবং স্বাস্থ্য দফতরও পৃথক অনুসন্ধান শুরু করেছে। নতুন অভিযোগ সামনে আসায় সেবাশ্রয় কর্মসূচি ও কোভিড পরীক্ষাকেন্দ্রিক কর্মকাণ্ড দুই বিষয়ই এখন তদন্তের আওতায়। তবে অভিযোগের বিষয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


