কলকাতা: নামটা পরিচিত, সাফল্যের গল্পও আন্তর্জাতিক। তবে এবার সেই পরিচিত নামই ইতিহাস হতে চলেছে। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী’-র (Kanyashree) নাম বদলে রাখা হচ্ছে ‘কন্যারত্ন’ (Kanyaratna)। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের ‘সবুজ সাথী’ প্রকল্পও এবার নতুন নামে পরিচিত হবে ‘সারথী’। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রকল্পগুলির নাম বদলালেও পরিষেবা বা সুবিধা বন্ধ হচ্ছে না। তাঁর কথায়, “ছাত্রছাত্রীদের জন্য যা করার, তা করা হবে।” তিনি আরও জানান, প্রতি বছর ১৪ অগাস্ট যে কন্যাশ্রী দিবস পালন করা হতো, সেটিও আগের মতোই পালিত হবে। তবে নতুন নাম হবে ‘কন্যারত্ন দিবস’ (Kanyaratna)।
উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল কন্যাশ্রী (Kanyashree) প্রকল্প। মেয়েদের স্কুলছুট রোধ, বাল্যবিবাহ কমানো এবং উচ্চশিক্ষায় উৎসাহ দিতে এই প্রকল্প চালু করা হয়। প্রকল্পের আওতায় ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীরা বার্ষিক ১,০০০ টাকা অনুদান পান। ১৮ বছর পূর্ণ হওয়ার পর এবং অবিবাহিত থাকলে এককালীন ২৫,০০০ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও নির্দিষ্ট সুবিধা রয়েছে। এই প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছিল।
এবার সেই প্রকল্পের (Kanyashree) নতুন নাম ‘কন্যারত্ন’ (Kanyaratna) হতে চলেছে। একই সঙ্গে ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথী’ নামে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প চালানো হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও সরকারের দাবি, নাম বদলালেও ছাত্রছাত্রীদের জন্য প্রকল্পের সুবিধা আগের মতোই অব্যাহত থাকবে।


