কলকাতা: দোরগোড়ায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এই আবহে শাসক-বিরোধী কর্মসূচীতে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার বিরোধী দলের কর্মসূচীতে পুলিশকে সতর্ক থাকার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বস্তুত, গত ২৭ অক্টোবর বিরোধী দলের মিছিল, কর্মসূচীতে তৃণমূল সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) । সেই মামলার শুনানিতেই বিরোধী দলের সাংসদ, মন্ত্রী ও নেতাদের কর্মসূচীতে সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিল প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনার অভিযোগ
সম্প্রতি চন্দ্রকোণা রোডের কাছে কনভয়ের উপর তৃণমূল কর্মী-সমর্থকদের হামলার অভিযোগে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ বিধানসভা নির্বাচনের সময় এবং তার পরবর্তীকালে একাধিকবার বিজেপির কর্মসূচীতে তৃণমূলপন্থীদের হিংসার ঘটনা ঘটে আসছে, যা নিয়ে কার্যত মৌন রাজ্যের পুলিশ প্রশাসন। এই অভিযোগকে সামনে রেখেই হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।


