Aaj lndia Desk,নয়াদিল্লি: আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন। এই আন্তর্জাতিক বৈঠকে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ( PM Tarique Rahman) কে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কূটনৈতিক মহলের মতে, এই আমন্ত্রণ শুধুমাত্র একটি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান নয়, বরং দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও বহন করছে।
ভারতের পাঠানো আমন্ত্রণপত্র ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
সফরটি চূড়ান্ত হলে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম মুখোমুখি আলোচনায় বসতে পারেন নরেন্দ্র মোদী ও তারেক রহমান। যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য বা পর্যবেক্ষক দেশ নয়, তবুও বিশেষ আমন্ত্রণের মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার বার্তা দিতে চাইছে ভারত।
দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতকে অগ্রাধিকার না দিয়ে মালয়েশিয়া ও পরে চিন সফরে গিয়েছিলেন তারেক রহমান। ফলে দিল্লি সফর বাস্তবায়িত হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ঢাকা সবসময় শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক আঞ্চলিক সম্পর্কের পক্ষপাতী। ভারতের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়বে বলেই তাদের আশা।
জানা যাচ্ছে, ব্রিকস সম্মেলনের ফাঁকেই মোদী ও তারেক রহমানের মধ্যে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে সীমান্ত সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা-সহ দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এবারের ব্রিকস সম্মেলনে চিন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইন্দোনেশিয়ার শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই সফর সফল হলে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এবং ভবিষ্যতে দুই দেশের যোগাযোগ আরও দৃঢ় হওয়ার পথ প্রশস্ত হবে।


