Aaj lndia Desk,কলকাতা:দুর্নীতির বিরুদ্ধে সরকার যে কোনওভাবেই আপস করবে না, ফের সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ঘুষ নেওয়ার অভিযোগে দুই মোটর ভেহিকেল ইন্সপেক্টরের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ, একটি পণ্যবাহী ট্রাকের সমস্ত বৈধ নথি ঠিক থাকলেও সেটিকে আটকে রাখা হয়। পরে ট্রাকটি ছাড়ার জন্য চালকের কাছ থেকে ২২ হাজার টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার প্রাথমিক প্রমাণ সামনে আসার পরই অভিযুক্ত দুই এমভিআই নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, পুরো ঘটনার ফৌজদারি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)-কে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন চেকপোস্টে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কোনও গাড়ি অকারণে আটকে রাখা বা পরিবহণ ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ বরদাস্ত করা হবে না। অন্যায়ভাবে আটক থাকা গাড়িগুলি দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশও জারি হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, সরকারি দায়িত্বে থেকে কেউ যদি ঘুষ নেন, ক্ষমতার অপব্যবহার করেন বা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তবে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
এদিন জন্ম ও মৃত্যু শংসাপত্র যাচাই অভিযান নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ভেরিফিকেশন চলছে। তাঁর দাবি, এসআইআর (SIR) চলাকালীন এবং তার আগের সময়ে বিপুল সংখ্যক ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগ সামনে এসেছে। তাই গোটা বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে, যাতে জাল নথির মাধ্যমে কোনও অসামাজিক বা বেআইনি কার্যকলাপের সুযোগ না থাকে।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, শুধু সাম্প্রতিক সময় নয়, গত ১৫ বছরের বিভিন্ন অনিয়মের পাশাপাশি বাম আমলের একাধিক দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো শংসাপত্র তৈরিতে বা তা ইস্যু করতে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের চিহ্নিত করে তদন্ত চালানো হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।


