Aaj lndia Desk,নয়াদিল্লি:কেন্দ্রের সঙ্গে চলা টানাপোড়েনের মাঝেই আন্দোলনরত CJP- (Cockroach Janta Party) কে ফের আলোচনায় বসার আহ্বান জানাল সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানান, সরকার ইতিমধ্যেই চারবার আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দিয়েছে। ছাত্রদের সুবিধামতো যে কোনও সময় এবং যে কোনও জায়গায় বৈঠক করতে সরকার প্রস্তুত বলেও তিনি জানান।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, বুধবার বিকেল থেকেই CJP-র প্রতিনিধিদের কাছে আলোচনার আমন্ত্রণ পাঠানো হয়েছে। তিনি বলেন, আন্দোলনকারীরা যখন সময় দেবেন, তখনই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার দফতরে বা তাঁর সরকারি বাসভবনে যেখানেই সুবিধা হয়, সেখানেই হতে পারে। জিতেন্দ্র সিংয়ের দাবি, সরকার কোনও অহমিকার রাজনীতি করতে চায় না। তাই তিনি নিজে এবং জে পি নাড্ডা আলোচনায় উপস্থিত থাকতে রাজি।
তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। সেই উদ্যোগের ধারাবাহিকতাতেই আলোচনার দরজা খোলা রাখা হয়েছে। সরকারের লক্ষ্য একটাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা। তাই আন্দোলনকারীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি আবারও আবেদন জানান।
এদিকে একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বড় ঘোষণা করেন। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে দিল্লিতে আন্দোলন চলছে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছে আন্দোলনকারীরা। এই ইস্যুতে এটিই ছিল প্রধানমন্ত্রী মোদীর প্রথম বড় প্রতিক্রিয়া। তবে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই CJP তাদের এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট করে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাদের দাবি আগের মতোই রয়েছে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই।


