Aaj India Desk, নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁসের (NEET-Paper Leak) অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র বাসভবনের সামনে কংগ্রেসের (Congress) বিক্ষোভের পর বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর অভিযোগ, কংগ্রেস ছাত্রদের সমস্যাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
মঙ্গলবার দুপুরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা এবং কংগ্রেসের একাধিক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। তাঁদের দাবি ছিল, নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি, ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণেরও প্রতিবাদ জানান তাঁরা। বিক্ষোভ চলাকালীন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করা হলেও রাতের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনাকে ঘিরে এক্স-এ পোস্ট করে ধর্মেন্দ্র প্রধান বলেন, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে সংসদের বাদল অধিবেশন চলাকালীন অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীের বাসভবনের সামনে বিক্ষোভ করে নিরাপত্তা বিধি ভাঙা হয়েছে এবং সাধারণ মানুষেরও অসুবিধা হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, নিট-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের বিষয় নিয়ে সরকার সংসদে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত ছিল। কিন্তু সেই সুযোগ কাজে না লাগিয়ে কংগ্রেস আন্দোলনের পথ বেছে নিয়েছে, যা তাঁর মতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, রাহুল গান্ধী প্রথমে জানিয়েছিলেন যে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হলে বিক্ষোভ তুলে নেওয়া হবে। সরকার সেই প্রস্তাবে রাজি হলেও পরে কংগ্রেস নতুন শর্ত দেয় বলে তাঁর অভিযোগ।ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের ছাত্রদের রাজনৈতিক প্রচারের অংশ না বানিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দেওয়া উচিত। তিনি জানান, পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে এবং ছাত্র-যুবকদের উদ্বেগ দূর করতে কেন্দ্র সরকার প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহির ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।


