Aaj India Desk, নয়াদিল্লি: ভারতে এবার কাগজের নোটের বদলে ধীরে ধীরে আসতে চলেছে প্লাস্টিকের নোট (Plastic Note)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৭ সাল থেকে পরীক্ষামূলকভাবে পলিমার (Polymar Note) বা প্লাস্টিকের নোট চালু করার পরিকল্পনা করেছে। এই নোট কতটা কার্যকর এবং সাধারণ মানুষ কতটা সহজে ব্যবহার করছেন, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্রের খবর, প্রথমে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে বাজারে আনা হবে ১০ টাকা ও ২০ টাকার প্লাস্টিকের নোট। ছোট মূল্যের নোটের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় এই দুই মূল্যমান দিয়েই শুরু করতে চাইছে আরবিআই। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রস্তুতি শুরু হয়েছে এবং খুব শিগগিরই নোট তৈরির কাজও শুরু হতে পারে।
এই নতুন নোট বাজারে আসার পর তার স্থায়িত্ব, ব্যবহারযোগ্যতা এবং মানুষের মতামত খতিয়ে দেখা হবে। যদি ইতিবাচক সাড়া মেলে, তাহলে ২০২৭ সাল থেকে ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোটও প্লাস্টিকে বদলে দেওয়া হতে পারে।
কাগজের নোটের বদলে প্লাস্টিকের নোট আনার মূল উদ্দেশ্য হল দীর্ঘদিন ব্যবহার করা যায় এমন নোট তৈরি করা। কাগজের নোট সহজেই ছিঁড়ে যায় বা ভিজে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু পলিমার নোট জল লাগলেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না এবং বারবার ব্যবহার করলেও তুলনামূলকভাবে অনেক বেশি টেকসই থাকে। ফলে একই নোট দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হবে।
এছাড়াও, দীর্ঘমেয়াদে প্লাস্টিকের নোট তৈরি ও রক্ষণাবেক্ষণের খরচও কম হতে পারে। বারবার নতুন নোট ছাপানোর প্রয়োজন কমবে, ফলে ব্যয়ও কমবে। উল্লেখ্য, বিশ্বের মধ্যে প্রথম ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া পলিমার ব্যাঙ্ক নোট চালু করেছিল। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে প্লাস্টিকের নোট ব্যবহার করা হচ্ছে।


