32 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

জাতীয় সড়কে রক্তাক্ত সকাল, লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের

Aaj lndia Desk,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেঁড়িয়ার কাছে দিঘাগামী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতির কাজ চলছিল এবং সেই সময় বাসের চালক, হেল্পার ও মিস্ত্রিরা বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার জেরে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে যায়। ঘটনায় বাসের পাশে থাকা কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত আরও তিনজনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে।

এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন বাসের মালিক তপন দাস (৪৪), তাঁর বাড়ি বাজকুল এলাকায়। এছাড়াও মৃত্যু হয়েছে বাসচালক পট্টনায়েক (৫৯)-এর, যিনি দিঘার বাসিন্দা। প্রাণ হারিয়েছেন বাসের দুই হেল্পার অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডল। অশোক মাইতির বাড়ি ভূপতিনগরে এবং শুভদীপ মণ্ডলের বাড়ি বাজকুলে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গভীর রাতে, প্রায় রাত ৩টে নাগাদ।

মাত্র সপ্তাহখানেক আগেই একই জাতীয় সড়কে আরও একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। সেবার একটি ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছিলেন। বারবার দুর্ঘটনার জেরে এই জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা ও গাড়ির গতিনিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন