Aaj lndia Desk, কলকাতা:জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি করতে এবার থেকে আর আগের নিয়ম চলবে না। ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ এবং এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন জেলায় অনিয়মের খবর সামনে আসার পরই কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর ইতিমধ্যেই নতুন নিয়ম সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দফতর।
নতুন নিয়ম অনুযায়ী, জন্ম ও মৃত্যুর নথিভুক্তিকরণের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন নাম লেখার ক্ষেত্রে। এবার থেকে শুধুমাত্র First Name, Middle Name এবং Last Name ফরম্যাটে নাম লিখতে হবে। কোনও ধরনের সংক্ষিপ্ত রূপ বা Abbreviation ব্যবহার করা যাবে না।
শুধু তাই নয়, জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবার ইলেকট্রনিক মাধ্যমেও সংগ্রহ করা যাবে। অনলাইন পরিষেবার পাশাপাশি অফলাইন ব্যবস্থাও চালু থাকবে। ফলে সাধারণ মানুষের জন্য পরিষেবা আরও সহজ ও দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে।
ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার ক্ষেত্রেও বাড়ছে কড়াকড়ি। জেলা, ব্লক বা সাব-ডিভিশন, গ্রাম বা ওয়ার্ড, বাড়ি নম্বর এবং পিন কোড-সহ বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিলম্বিত নথিভুক্তিকরণের ক্ষেত্রে। জন্ম বা মৃত্যুর ৩০ দিনের পরে আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি, স্ব-ঘোষণাপত্র (Self Declaration) এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এক বছরের বেশি দেরি হলে জেলা শাসক, এসডিও বা অনুমোদিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ প্রয়োজন হবে। আর দুই বছরের বেশি দেরিতে আবেদন করলে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি বাধ্যতামূলক।
এছাড়াও, বাড়িতে মৃত্যুর ঘটনা হলে এমবিবিএস বা স্বীকৃত আয়ুষ চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন আবেদনপত্র, রিপোর্ট এবং শংসাপত্রের ফর্ম নতুন করে সংশোধন করা হয়েছে। জন্ম ও মৃত্যুর শংসাপত্রের কপি, বিলম্বিত নিবন্ধন এবং নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার অঙ্কও বাড়ানো হয়েছে।
রাজ্য সরকারের দাবি, এই নতুন নিয়ম কার্যকর হলে ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির প্রবণতা অনেকটাই কমবে এবং গোটা ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।


