কলকাতা: গত ৯ জুলাই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রথমে তাঁর বাড়িতে অমিত শাহের পদার্পণ এবং তারপর ঠিক রাজ্যসভা নির্বাচনের আগে শুভেন্দু-সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়। যদিও নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে প্রসেনজিৎ সাংবাদিকদের সাফ জানান, যে এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। বরং বাংলা ছবির উন্নতির বিষয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বলে জানান মিস্টার ‘ইন্ডাস্ট্রি’। এবার প্রসেনজিৎ-কে ‘বিশেষ’ চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কি আছে সেই চিঠিতে?
জানা গিয়েছে, বাংলা চলচ্চিত্র জগতকে এক মঞ্চে আনার বার্তা দিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) উদ্দেশে বিশেষ চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি আর্টিস্টস ফোরামের উদ্যোগে বর্ষীয়ান শিল্পীদের সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করার পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে বড় পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, বাংলা চলচ্চিত্রের গৌরবময় ঐতিহ্যকে সম্মান জানাতে গিয়ে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি (Suvendu Adhikari) লিখেছেন, “এই বছরটি বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তীর বছর। বাঙালির মনন, শিল্প ও চলচ্চিত্রে তাঁর অবদান চিরভাস্বর এবং অদ্বিতীয়।”
চিঠিতে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানিয়েছেন, রাজ্য সরকার মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে সারা বছর ধরে বৃহৎ ও বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সেই কর্মসূচিকে সফল করতে বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-সহ গোটা টলিউডের উদ্দেশে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আপনাদের সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণেই মহানায়কের প্রতি সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শ্রদ্ধাঞ্জলি প্রকৃত অর্থে পূর্ণতা লাভ করবে।” আর্টিস্টস ফোরামের উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, বর্ষীয়ান শিল্পীদের সম্মান জানানোর এই প্রচেষ্টা বাংলা চলচ্চিত্রের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষকে কেন্দ্র করে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে আগ্রহ তৈরি হয়েছে। উত্তম কুমারের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে কী কী কর্মসূচি নেওয়া হবে এবং তাতে টলিউডের শিল্পীরা কীভাবে অংশ নেবেন, এখন সেদিকেই নজর রয়েছে।


