Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর ছড়িয়ে পড়া অশান্তির মামলায় সিপিআইএম নেতা লাহেক আলিকে (Layek Ali) তাঁর নিজের বাড়ি থেকেই গভীর রাতে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন রাস্তা অবরোধ, ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় উস্কানিমূলক ভূমিকার অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রের দাবি, তদন্তে উঠে আসা তথ্য-প্রমাণে দেখা গিয়েছে, বিক্ষোভের দিন লাহেক আলি (Layek Ali) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তকারীদের অভিযোগ, তিনি জনতাকে উত্তেজিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সেই অভিযোগ যাচাই করেই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উল্লেখ্য, গত ৫ জুলাই সূর্যপুরে এক নাবালিকার দেহ একটি পুকুর থেকে উদ্ধার হয়। এই ধর্ষণ ও খুনের ঘটনার জেরে এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একাধিক জায়গায় রাস্তা ও রেল অবরোধ করা হয়, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলে। বিক্ষোভের সময় পুলিশকর্মীদের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে। এই অশান্তির মধ্যেই সন্দেহের বশে টোটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনি দেওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী তাঁকে নির্দোষ বলে উল্লেখ করেন।
নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত প্রবাস মণ্ডল পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা এবং পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বলে দাবি পুলিশের।
অন্যদিকে, সূর্যপুরের অশান্তির মামলায় লাহেক আলির (Layek Ali) গ্রেপ্তারের পর মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ৪১ এ পৌঁছেছে। তদন্তকারীদের দাবি, আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আরও গ্রেপ্তার হতে পারে।
লাহেক আলি চলতি বছরের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী ছিলেন। তবে তাঁর গ্রেপ্তারের পর সিপিআইএম নেতৃত্ব এর তীব্র সমালোচনা করে। দলের নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই লাহেক আলিকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার পর থেকেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।


