Aaj India Desk, কলকাতা : রাজ্যের পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এক এক করে খোলা হবে সব ফাইল। সেই কথা অনুযায়ী সত্যিই খোলা হচ্ছে তৃনমূল নেতাদের ফাইল। এই পরিস্থিতিতে পাঁচ বছর আগে দায়ের হওয়া একটি মামলার ফাইল ফের সামনে আসতেই শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থেকে গ্রেফতার করা হয়েছে অঞ্জন দাসকে (Anjan Das)। তিনি কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী। এই গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
কোন মামলায় গ্রেফতার ?
২০২০ সালে দায়ের হওয়া একটি মামলায় অঞ্জন দাসের (Anjan Das) বিরুদ্ধে খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। রবীন্দ্রনগরের বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন ছিল। সেই মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতেই শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় অঞ্জন দাস (Anjan Das) ছাড়াও বিপ্লব ঘটক, ভোলা সরকার, সন্তু দাস, উৎপল দে, চিত্তরঞ্জন দাস এবং মৃত্যুঞ্জয় দাস-সহ আরও কয়েকজনের নাম রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
কে এই অঞ্জন দাস?
অঞ্জন দাস কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী। সংহিতা দাস অতীতে ১৪ নম্বর বরোর চেয়ারপার্সনের দায়িত্বও সামলেছেন। স্থানীয় রাজনীতিতে অঞ্জন দাসেরও যথেষ্ট পরিচিতি থাকায় এই গ্রেফতারিকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া অঞ্জন দাসকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তবে মামলার পরবর্তী শুনানিতে আদালতের নির্দেশের উপরেই পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ভর করবে।


