Aaj India Desk, কলকাতা : বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় (Baruipur Rape Case) মূল অভিযুক্ত আনন্দ সর্দারের রাজনৈতিক পরিচয় নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। বিজেপির আইটি সেল থেকে দাবি করা হয়েছিল, বারুইপুর কাণ্ডের মূল অভিযুক্ত আনন্দ সর্দার বাম রাজনীতির সাথে যুক্ত। সমাজ মাধ্যম জুড়ে এই কথাটি ছড়িয়ে পড়তেই এবার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিজেপিকে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
কী নিয়ে শুরু হল বিতর্ক?
বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় (Baruipur Rape Case) গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত আনন্দ সর্দারের রাজনৈতিক পরিচয় নিয়ে মঙ্গলবার সকাল থেকেই সামাজিক মাধ্যম এবং কিছু সংবাদমাধ্যমে বিভিন্ন দাবি সামনে আসে। সেখানে অভিযোগ করা হয়, অভিযুক্ত গত বিধানসভা নির্বাচনে সিপিআই(এম)-এর পোলিং এজেন্ট ছিলেন। এই দাবির পরই বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
সেলিমের পাল্টা চ্যালেঞ্জ
সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগগুলিকে অস্বীকার করেন। তাঁর বক্তব্য, যদি এমন দাবি করা হয়, তবে সংশ্লিষ্ট নির্বাচনের পোলিং এজেন্টদের সরকারি তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক। তাঁর দাবি, তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ ছড়ানো হচ্ছে যাতে তা বিভ্রান্তি তৈরি করতে পারে এবং মূল ঘটনার তদন্ত থেকে নজর সরিয়ে দিতে পারে।
উল্লেখ্য, বারুইপুরের ধপধপি এলাকায় ১২ বছরের নাবালিকার অপহরণ, ধর্ষণ ও খুনের মামলায় (Baruipur Rape Case) এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত হিসেবে আনন্দ সর্দারকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডলও গ্রেফতার হয়েছেন। ঘটনার তদন্তে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। তদন্তে এসটিএফ ও সিআইডিও সহযোগিতা করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। এই নৃশংস অপরাধের তদন্ত চলাকালীন মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক সামনে আসায় বাড়ছে রাজনৈতিক তরজা। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে যে সব দাবি-পাল্টা দাবি করা হচ্ছে, সেগুলির সত্যতা নিশ্চিত করতে সরকারি নথি প্রকাশিত করা হয় কিনা এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


