Aaj India Desk, কলকাতা : বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে এখনও উত্তপ্ত রাজ্য। এর মধ্যেই পূর্ব বর্ধমানে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক বিতর্ক। মৃতার স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই ঘটনাকে সামনে এনে মঙ্গলবার সামাজিক মাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
পূর্ব বর্ধমান জেলার একটি মাঠ থেকে এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতার স্বামী অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। বারুইপুর কাণ্ডের পর একই ঘটনার পুনরাবৃত্তি দেখে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।
ঘটনার পর X (পূর্বে টুইটার)-এ পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাবি করেন, বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে নারী ও কন্যাদের নিরাপত্তা ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে। তিনি লেখেন, পূর্ব বর্ধমানের এই ঘটনা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘নারী সুরক্ষা’-র বাস্তব চিত্র তুলে ধরেছে। সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি ও জাতীয় মহিলা কমিশনকে উল্লেখ করে প্রশ্ন তোলেন, এই ঘটনার পর কোনও কমিশন পরিস্থিতি খতিয়ে দেখবে কি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ‘গ্যারান্টি’ নিয়েও কটাক্ষ করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের নারী নিরাপত্তা ইস্যুতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নারী নিরাপত্তার দোহাই দেওয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে সাতটি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। যদিও রাজ্য সরকার এই অভিযোগ মানতে নারাজ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই তীব্র সমালোচনা ও কটাক্ষের পর রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর পর্যবেক্ষকদের।


