Aaj India Desk, পশ্চিম বর্ধমান : বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসতেই ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় একের পর এক গ্রেপ্তার হয়েছেন তৃনমূল নেতারা। এই মামলায় বহুদিন পলাতক থাকা সত্ত্বেও এবার অবশেষে গ্রেপ্তার হলেন বারাবনি ব্লক তৃণমূল সভাপতি এবং বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংও (Asit Singh)। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমান্ত থেকে তাঁকে ও তাঁর ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের আসানসোল আদালতে তোলা হলে বিক্ষোভ, স্লোগান এবং উত্তেজনার সৃষ্টি হয়।
‘সিং ব্রাদার্স’-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ
বারাবনি এলাকার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ‘সিং ব্রাদার্স’ নামে পরিচিত ছিলেন অসিত সিং (Asit Singh) ও তাঁর ভাইরা। অসিত সিং, বিশ্বজিৎ সিং এবং আগেই গ্রেপ্তার হওয়া পিন্টু সিং এই তিন ভাইয়ের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক হিংসা, বিরোধী দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা, ভয় দেখানো এবং এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছিল।
এছাড়াও তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা, সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে বাধা এবং বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথে হামলার অভিযোগেও অসিত সিংয়ের (Asit Singh) নাম উঠে আসে। স্থানীয় স্তরে তোলাবাজি, দাপট দেখিয়ে প্রভাব খাটানো এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। অন্যদিকে তাঁর জন্মদিনে বারাবনি থানায় কেক কাটার ঘটনায় তৎকালীন ওসি মনোরঞ্জন মণ্ডল বিতর্কে জড়িয়ে পড়েন এবং পরে তাঁকে সাসপেন্ড করা হয়।
ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্ট থেকে অসিত সিং ও তাঁর ভাই বিশ্বজিৎ সিংকে আটক করা হয়। একই সময়ে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ধরা হয় তাঁদের সহযোগী তৃণমূল নেতা আকবর আলমকে। শুক্রবার তিন অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার সময় অসিত সিংকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। জুতো দেখানোর পাশাপাশি ডিম ছোড়ারও চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
পাশাপাশি অসিত সিংয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বারাবনি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ বাজি ফাটিয়ে উল্লাস প্রকাশ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


