31.5 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

প্রমাণ লোপাটের দায় কার? RG Kar মামলায় CBI-কে হাইকোর্টের তীব্র ভর্ৎসনা!

কলকাতা: আর জি কর মামলায় (RG Kar Case) ফের সিবিআই-কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, সিবিআই গা ছাড়া মনোভাব’ নিয়ে কাজ করছে! শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেই রিপোর্ট ঘিরেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এমনকি সিবিআইয়ের তদন্তের গতি ও ভূমিকা নিয়ে একাধিক কড়া প্রশ্নও তোলেন তাঁরা।

আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) নিয়ে শুনানির সময় বিচারপতি শম্পা সরকার জানতে চান, সিবিআইয়ের (CBI) হাতে তদন্তভার হস্তান্তরে বিলম্ব এবং তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার জন্য কারা দায়ী, তা এখনও কেন চিহ্নিত করা যায়নি। তিনি বলেন, তথ্যপ্রমাণ নষ্ট করাও একটি গুরুতর অপরাধ। কেউ কি অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে, সেটাও তদন্ত করে বের করা সিবিআইয়ের দায়িত্ব। একইসঙ্গে নির্যাতিতার মায়ের বয়ান নেওয়ার দাবি করলেও সেই নথি কোথায়, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত।

বিচারপতি আরও স্পষ্ট করে জানান, হাই কোর্টের নির্দেশ ছিল পুরনো তদন্তকারী আধিকারিকদের সরিয়ে নতুন SIT-কে দায়িত্ব দেওয়া। কিন্তু সিবিআই (CBI) সেই নির্দেশের প্রকৃত অর্থ বুঝতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর পর্যবেক্ষণ, “আপনারা কি নিজেদের সহকর্মীদের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল?”

শুনানিতে আরও কড়া অবস্থান নেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, চার্জশিট জমা পড়ার পর এক বছর সাত মাস কেটে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁর মন্তব্য, “এই মামলায় সিবিআই গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে। তদন্ত কবে শেষ হবে? এইভাবে চলতে পারে না।” এমনকি তদন্তে সন্তুষ্ট না হলে মামলা সিবিআইয়ের হাত থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।

যদিও সিবিআইয়ের (CBI) আইনজীবী আদালতে দাবি করেন, পরিবারের সমস্ত বক্তব্য শোনা হয়েছে এবং প্রতিটি বিষয় খতিয়ে দেখা হয়েছে। সমস্ত বয়ান নথিভুক্তও করা হয়েছে বলে জানানো হয়। তবে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআইয়ের পরিবর্তে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার আর্জি জানানো হয়।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত নির্দেশ দেয়, নবগঠিত SIT-এ কোনও পুরনো তদন্তকারী আধিকারিক থাকতে পারবেন না। পাশাপাশি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন SIT-কে আরও কিছুটা সময় দেওয়া হয়েছে। মামলার (RG Kar Case) পরবর্তী শুনানি হবে আগামী ৬ আগস্ট। আর সেই দিনই তদন্তের অগ্রগতি নিয়ে আবারও আদালতের সামনে হাজির হতে হবে সিবিআইকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন