Aaj lndia Desk,কলকাতা: বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick) ওরফে ‘বালু’কে ঘিরে। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত এই নেতা এবার কি ঘাসফুল শিবির ছেড়ে নতুন রাজনৈতিক পথে হাঁটতে চলেছেন এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর , আজ সাড়ে বারোটার দিকে বিধানসভায় ‘বিদ্রোহী’ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) সঙ্গে বৈঠক করতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে রাজনীতিতে জল্পনা আরও বেড়েছে। অনেকের প্রশ্ন, এটি কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা?
কয়েক দিন আগেই তৃণমূল কংগ্রেসের নবগঠিত ওয়ার্কিং কমিটি-সহ সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি নিজের পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন এবং দলনেত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানান। কিন্তু আজকের সম্ভাব্য বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই সেই ‘অসুস্থতা’র ব্যাখ্যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
দলের অন্দরে দীর্ঘদিনের পরিচিত মুখ জ্যোতিপ্রিয় মল্লিক ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। ২০০১ সালে গাইঘাটা থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। উত্তর ২৪ পরগনায় দলের সংগঠন শক্তিশালী করতেও তাঁর বড় ভূমিকা ছিল।
তবে সাম্প্রতিক সময়ে রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানো, ইডি-সিবিআই তদন্ত এবং কারাবাস তাঁর রাজনৈতিক জীবনে বড় ধাক্কা এনে দেয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হাবরা আসন থেকেও তিনি পরাজিত হন।
এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চরম কৌতূহল তৈরি হয়েছে। এখন নজর, এই বৈঠকের পর জ্যোতিপ্রিয় মল্লিক কোনো নতুন রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করেন কি না, নাকি বিষয়টি শুধুই একটি সাধারণ সাক্ষাৎ সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।


